১৯ লক্ষের বেশি ভোটার, ১২৫ কোম্পানি বাহিনী, ১০০% ওয়েবকাস্টিং, পশ্চিম বর্ধমানে নিরাপত্তার বজ্র আঁটুনি
Last Updated:
West Bengal Assembly Election 2026: রাত পোহালেই বাংলায় প্রথম দফার নির্বাচন। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
দীপক শর্মা, পশ্চিম বর্ধমান: রাত পোহালেই বাংলায় প্রথম দফার নির্বাচন। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ৬ এপ্রিল ২০২৬-এর তথ্য অনুযায়ী, জেলায় মোট ২ হাজার ৫৮৮টি ভোটগ্রহণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০৪টি মূল কেন্দ্র এবং ৮৪টি অতিরিক্ত বা অক্সিলারি কেন্দ্র। আসানসোল দক্ষিণ ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে সর্বোচ্চ ৩১৫টি করে বুথ থাকছে, যা জেলার ভোট প্রক্রিয়ার বিশালতাকে নির্দেশ করে।
জনসংখ্যার বিচারে জেলায় মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৬৫ হাজার ০৯৫ জন। লিঙ্গভিত্তিক ভোটার তালিকায় দেখা যাচ্ছে, পুরুষ ভোটার ১০ লাখ ৫ হাজার ৩৭৮ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৫৯ হাজার ৬৯৪ জন। এছাড়া ২৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারও তালিকায় রয়েছেন। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা সর্বাধিক, পাণ্ডবেশ্বর কেন্দ্রে ভোটারের সংখ্যা সবথেকে কম।
নির্বাচনী স্বচ্ছতা সুনিশ্চিত করতে এবার প্রযুক্তিগত নজরদারিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। জেলার প্রতিটি বুথে ১০০ শতাংশ ‘ওয়েবকাস্টিং’-এর ব্যবস্থা রাখা হয়েছে। মোট ৫ হাজার ৪৫৫টি ক্যামেরার মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে পুরো প্রক্রিয়া। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে সর্বোচ্চ ৭০৩টি ক্যামেরা বসানো হচ্ছে। কন্ট্রোল রুম থেকে পুরো প্রক্রিয়ার তদারকির দায়িত্বে থাকবেন বিশেষ মাইক্রো অবজারভাররা।
নিরাপত্তার ক্ষেত্রে জেলা প্রশাসন কোনো আপস করছে না। মোতায়েন করা হচ্ছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্বাচনের কাজে কোনো সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশ ব্যবহার করা হবে না। এমনকি ভোটগ্রহণের তিন দিন আগে থেকে পরবর্তী একদিন পর্যন্ত তারা ইউনিফর্ম পরে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এই পদক্ষেপ ভোটারদের মনে ভরসা জোগাতে সহায়ক হবে।
আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমান্তে কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বরাকর, ডুবুডি, মাইথন ড্যামের মতো গুরুত্বপূর্ণ সীমান্তসহ রূপনারায়ণপুর ও রুনাকুড়া ঘাটে বিশেষ নজরদারি চলছে। বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ার সাথে যুক্ত জেলার সীমানাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূলত অনুপ্রবেশ ও অবৈধ কার্যকলাপ রুখে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য।
Kolkata,West Bengal




Post Comment