কায়রন পোলার্ডের মুম্বই ইন্ডিয়ান্স কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন আরও এক

নয়াদিল্লি: দিনকয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাহেলা জয়বর্ধনে। এরপরে শনিবার কায়রন পোলার্ডের দলের ব্যাটিং কোচ থেকে হেড কোচ হিসাবে উত্তরণের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। শোনা যাচ্ছে তাঁর কোচিং স্টাফে আরও সংযোজন ঘটতে চলেছে।

আইপিএলের (IPL 2027) সফলতম দলের নতুন প্রধান কোচ নিযুক্ত হওয়ার পরেই পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়াটা সম্মানের। আমার জীবন ও কেরিয়ারে বিরাট জায়গা জুড়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আমি এই দল, প্লেয়ার, ও পল্টন অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের সঙ্গে যে সম্পর্কে জড়িয়েছি, তা অসাধারণ। নীল-সোনালি জার্সি পরার কী দায়িত্ব, গুরুত্ব, মূল্য, আমি বুঝি। আশা করছি সমর্থকদের দারুণ কিছু মুহূর্ত উপহার দিতে পারব।’                

স্টেফান জোনস (Steffan Jones) মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন। তিনি অতীতে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ ছিলেন ২০১৯ সালে। তিন বছর পর ফের একবার রয়্যালসের সঙ্গে হাই পারফরম্যান্স ফাস্ট বোলিং কোচ হিসাবে যুক্ত হন তিনি। নীতীশ কুমার রেড্ডি, অরুন্ধতি রেড্ডিদের সঙ্গেও আলাদাভাবে কাজ করেছেন স্টেফান। নীতীশের বলের গতি বৃদ্ধির জন্য তাঁকেই কৃতিত্ব দেওয়া হয়। এবার সেই স্টেফানই মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলিং বিশেষজ্ঞ কোচ হিসাবে যোগ দিচ্ছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।       

আরও পড়ুন:-  রুদ্ধশ্বাস ম্যাচ জিতেও ভারতীয় শিবিরে ধাক্কা, রিপোর্ট অনুযায়ী তৃতীয় টি-২০ ম্যাচেও নেই ঈশান কিষাণ              

অতীতে জুবিন বারুচার সঙ্গে রাজস্থান রয়্যালসে কাজ করেছেন স্টেফান। তিনি সেখানে ডিরেক্টর ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সেরও নতুন ডিরেক্টর অফ পারফরম্যান্স হয়েছেন তিনি। এবার ফের একবার তাঁর সঙ্গে স্টেফান জুটি বাঁধতে চলেছেন বলে জোর জল্পনা।   

এবার কোচিং স্টাফে যুক্ত হওয়ার পরেই স্টেফান, পোলার্ডদের প্রথম কাজ হবে ১৫ নভেম্বরের মধ্যে দলের রিটেনশন তালিকা প্রকাশ করা। তারপরই গোয়াতে বসবে আইপিএলের নিলাম। পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের অন্যান্য় দলের কোচ হিসাবেও যুক্ত। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পোলার্ড এমআই লন্ডনের কোচ।                                                    

Post Comment

You May Have Missed