Yogi Adityanath: দার্জিলিঙ থেকে ঝাড়গ্রাম…প্রথম দফার কত পার্সেন্ট আসনে জিতবে বিজেপি? জোড়াসাঁকোয় দাঁড়িয়ে দাবি যোগীর
Last Updated:
Yogi Adityanath: প্রসঙ্গত, প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম-সহ ১৬ জেলায় ১৫২টা আসনে হতে চলেছে ভোটগ্রহণ।
জোড়াসাঁকো: পুরুলিয়ার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, ‘স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধানীতা দেব’৷ নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বামী বিবেকানন্দকে গুলিয়ে ফেলে তীব্রসমালোচনার শিকার হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বুধবার জোড়াসাঁকোর সভায় অবশ্য ঠিক মনীষীর নাম ধরেই তাঁর বাণী উচ্চারণ করলেন তিনি৷
এদিনের সভার শুরুতেই যোগী বলেন, ‘‘বড়বাজার কালীবাড়ি কালীমাতাকে প্রণাম জানাই। সেই সকল মহাপুরুষকে প্রণাম জানাই যারা নিজেদের জীবন বলিদান দিয়ে ভারতকে ভারত বানিয়েছে গোটা ভারতবাসীর কাছে প্রেরণা জুগিয়েছে। রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, লাহিড়ী মহাশয় থেকে ভারত সেবাশ্রম সকলকে প্রণাম জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। গোটা দেশের স্বাধীনতার জন্য নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেবো। ক্ষুদিরাম বসু, মঙ্গল পান্ডে ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরবাড়ির ক্ষেত্র এই বিধানসভা কেন্দ্র। গোটা দেশকে গর্বিত করেছে এই রবি ঠাকুরের গীতাঞ্জলি।’’
যোগীর দাবি, ‘‘যে অরাজকতা এখানে চলছে একই রকম অরাজকতা চলত ইউপি-তে ২০১৭-তে। সেখানে গুন্ডামি চলত আগে। এখন নো কারফিউ নো দাঙ্গা ইউপি মে সব চাঙ্গা।’’ যোগীর দাবি, ‘‘ইউপি-তে মাফিয়া গুণ্ডারাজ নেই। আর যদি কোনও গুন্ডা মাফিয়া মাথা উঁচু করে এখন তার উপর থেকে বুলডোজার চলে। সরকারি জমি সরকারের এখন গরিবের কাজ হয়।’’
যোগী আদিত্যনাথের দাবি, ‘‘পরিবর্তন চাইছে বাংলার মানুষ। প্রথম দফার ভোটে ৮০% আসন বিজেপি জিতবে। বাংলায় গেরুয়া ঝড় উঠবে আগামী ৪মে। বাংলা হয়ে উঠবে সোনার বাংলা। এই বড়বাজার ব্যবসায়ীদের জায়গা। বহু পুরোনো ব্যবসায়ী এখানে আছেন। বাংলায় যে অরাজকতা চলছে সেটা বন্ধ করতে হবে। আর এই অপশাসন বন্ধ করতে হলে বিজেপিকে ভোট দিতে হবে । এই বাংলায় জন্ম হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। তিনি বলেছিলেন এক দেশে দু’রকম শাসন চলবে না দুই দলের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকবে না। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর স্বপ্নপূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে ৩৭০ ধারা উঠেছে।’’
প্রসঙ্গত, প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম-সহ ১৬ জেলায় ১৫২টা আসনে হতে চলেছে ভোটগ্রহণ।
Yogi Adityanath: দার্জিলিঙ থেকে ঝাড়গ্রাম…প্রথম দফার কত পার্সেন্ট আসনে জিতবে বিজেপি? জোড়াসাঁকোয় দাঁড়িয়ে দাবি যোগীর




Post Comment