Bangla News: আটের দশকে থমকে যাওয়া এক ঘর! ৫ হাজার সিডি-ক্যাসেটে আজও নস্টালজিয়ার রাজত্ব, কোথায় জানুন

Last Updated:

Bangla News: ওটিটি আর ইউটিউবের রমরমার যুগেও সময়ের স্রোতকে যেন আটকে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের সুবলচন্দ্র দে! পেশায় ব্যবসায়ী ও লেখক সুবলবাবুর ব্যক্তিগত সংগ্রহশালায় আজ সযত্নে সাজানো প্রায় পাঁচ হাজার দুষ্প্রাপ্য সিডি এবং কয়েক হাজার পুরনো ক্যাসেট।

+

পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের সোলপাট্টা গ্রামের বাসিন্দা সুবলচন্দ্র দের ঘরে যত্ন করে সাজিয়ে রাখা হাজার হাজার দুষ্প্রাপ্য সিডি ও ক্যাসেট

দাঁতন, রঞ্জন চন্দ: স্মার্টফোনের এক ক্লিকেই এখন চোখের সামনে ভেসে ওঠে বিনোদনের অন্তহীন দুনিয়া। ওটিটি কিংবা ইউটিউবের রমরমার যুগে ৯০-এর দশকের সেই চেনা নস্টালজিয়া আজ কেবলই ধূসর স্মৃতি। অথচ কয়েক দশক আগেও গ্রামীণ বাংলার ছবিটা ছিল একেবারেই অন্য রকম। রাতের পর রাত ডিভিডি প্লেয়ার চালিয়ে সাদা-কালো টিভিতে চলত উত্তম-সুচিত্রা কিংবা মিঠুন চক্রবর্তীর ছবি দেখার আসর। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আজ অবলুপ্তির পথে সেই ক্যাসেট ও সিডি। কিন্তু সময়ের তীব্র স্রোতের বিপরীতে হেঁটে সেই ফেলে আসা দিনগুলিকে পরম মমতায় আগলে রেখেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের সোলপাট্টার বাসিন্দা সুবলচন্দ্র দে। পেশায় ব্যবসায়ী ও লেখক সুবলবাবুর ঘরে ঢুকলেই যেন থমকে দাঁড়ায় আটের বা নয়ের দশক।

শুরুটা হয়েছিল কয়েক দশক আগে, যখন ঘরে ঘরে সবে সিডি ও অডিও ক্যাসেটের চল শুরু হয়েছে। সেই সময় থেকেই তিল তিল করে নিজের সংগ্রহ গড়ে তুলতে শুরু করেন তিনি। বর্তমানে তাঁর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে প্রায় পাঁচ হাজার সিডি এবং কয়েক হাজার দুষ্প্রাপ্য ক্যাসেট। প্লাস্টিকের চকচকে গোলাকার ডিস্ক আর পাতলা ফিতের রিল দেওয়া আয়তাকার ক্যাসেটের প্রতিটি খাপ আজও পরিপাটি করে সাজানো। যন্ত্রাংশের অভাবে পুরনো ক্যাসেট প্লেয়ারটি এখন বিকল হয়ে পড়ে রয়েছে ঠিকই, তবে এখনও ডিভিডি প্লেয়ার সচল রেখেছেন তিনি। সময় পেলেই সেই প্লেয়ারে সিডি চালিয়ে ফিরে যান ফেলে আসা দিনে।

পেনড্রাইভ, মেমোরি কার্ড আর ইন্টারনেটের দৌলতে বিনোদন যখন হাতের মুঠোয় বন্দি, তখন সুবলবাবুর এই ব্যক্তিগত সংরক্ষণ যেন এক জীবন্ত ইতিহাস। আধুনিক প্রযুক্তির দাপটে যখন স্মৃতির পাতা থেকে হারিয়ে যাচ্ছে বহু চেনা অনুষঙ্গ, তখন দাঁতনের প্রত্যন্ত প্রান্তে বসে এই সোনালী অতীতকে বাঁচিয়ে রাখার সুবলবাবুর একনিষ্ঠ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষ।

Post Comment

You May Have Missed