India Bangladesh Border Fencing: সীমান্তে এবার কড়া পাহারা! কাঁটাতারের বেড়া দিতে জেলায় জমি অধিগ্রহণে তোড়জোড় শুরু
Last Updated:
India Bangladesh Border Fencing: সোমবার নতুন সরকারের প্রথম বৈঠকে রাজ্যের সকল ওপেন বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোচবিহারঃ ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে তৎপর রাজ্যের নয়া সরকার। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই কোচবিহারে জমি জোগাড়ে তৎপরতা শুরু হয়েছে।
সোমবার নতুন সরকারের প্রথম বৈঠকে রাজ্যের সকল ওপেন বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই জেলায় তৎপরতা চোখে পড়ছে। শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের তোড়জোড়।
জানা যাচ্ছে, উত্তরবঙ্গের কোচবিহারে প্রায় ৫৫০ কিমি সীমান্ত রয়েছে। এর মধ্যে কাঁটাতারের বেড়াহীন প্রায় ৫০ কিমি জায়গা। এখানে দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ, চোরাচালানের অভিযোগ উঠত। তবে এবার এইসব এলাকার নিরাপত্তা মজবুত করতে তৎপর সরকার।
এদিকে কোচবিহারের বর্ডার এরিয়ায় কাঁটাতারের বেড়া দিতে গেলে ১৭৮ একর জমি দরকার। জানা যাচ্ছে, প্রায় ১০ বছর আগে জেলা প্রশাসনের কাছে এই বিষয়ক আবেদন জমা পড়েছিল। তবে এতদিনে অর্ধেক জমিও অধিগ্রহণ হয়নি। মাত্র ৪০ একর জমি অধিগ্রহণ করে তা বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া জেলার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ১৭৮ একর জমি ছাড়াও আরও বেশ কিছু প্রোজেক্টের জন্য জমি চেয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বর্ডার এরিয়ায় একাধিক সেতুর সংযোগকারী রাস্তা নির্মাণ সহ আরও বেশ কিছু প্রোজেক্টের জন্য এই জমি চাওয়া হয়েছে।
কোচবিহার জেলা পরিষদের সেক্রেটারি এই বিষয়ে বলেন, সরকারি নির্দেশ মতো দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার এই কাজ কত তাড়াতাড়ি সম্পন্ন হয় সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 14, 2026 12:35 PM IST

Post Comment