জমাটি কনসার্ট, ড্রোন শোয়ের চমক! দিল্লির ‘দিল’ জিতলেন দিলজিৎ, সন্ধে কাটল নির্বিঘ্নেই
Published at : 31 Oct 2026 01:00 AM (IST)
দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ কনসার্ট ছিল, দিলজিৎ দোসাঞ্জের (Punjabi singer-actor Diljit Dosanjh)। প্রথমে অনুমতি বাতিল হয়ে যাওয়া এবং অবশেষে একাধিক শর্ত মেনে অনুমতি পাওয়া.. এই কনসার্ট বারে বারেই উঠে এসেছিল খবরের শিরোনামে।

প্রথমে দিল্লি পুলিশ নিরাপত্তার কথা বলে, দিলজিতের কনসার্টের অনুমতি বাতিল করে। পরবর্তীতে অবশ্য পাওয়া যায় কনসার্টের অনুমতি। তবে একাধিক নিয়মে এই কনসার্টকে বেঁধে দিয়েছিল দিল্লি পুলিশ। যাতে কোনোরকম সমস্যা না হয়, অশান্তি না হয়, তাই এই ব্যবস্থা।

পুলিশের কথামতো, শুক্রবার দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিতের জন্য ছিলেন প্রায় ২ হাজার নিরাপত্তারক্ষী। পাশাপাশি দর্শকদের গাড়ি করে আসা এবং পার্কিং নিয়েও নিয়মে কড়াকড়ি করা হয়েছিল।

বিশেষ মেট্রো পরিষেবাও দেওয়া হয়েছিল দিলজিতের এই কনসার্টের জন্য। এদিনের কনসার্টে প্রায় ৭০ হাজার দর্শক এসেছিলেন। প্রত্যেকেই কনসার্ট শেষে ফিরলেন আনন্দের স্মৃতি নিয়ে।

শুক্রবারের কনসার্টে দিল্লির মন জয় করলেন দিলজিৎ। তাঁর গানে যেমন ছিল পঞ্জাবি ছোঁয়া, তেমনই ছিল বিভিন্ন ফিউশন। তালিকায় ছিল দিলজিতের একাধিক জনপ্রিয় গানও।

এদিন দিলজিতের কনসার্টে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ ড্রোন শো-এর। দিল্লির আকাশে ফুটিয়ে তোলা হয় দিলজিতের বিভিন্ন ছবি এবং বার্তা।

দিলজিতের কনসার্টের শেষে ড্রোন শো-এ বার্তা দেওয়া হয়, ‘আমি একজন শিল্পী’, এই বার্তা। পাশাপাশি ছিল, ‘পাঞ্জাবি এসে গিয়েছে..’-র মতো মজার বার্তাও।

এদিন অনুষ্ঠানের শেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান দিলজিৎ। প্রত্যেকে যে তাঁর কনসার্ট শুনতে এসেছেন, সঙ্গ দিয়েছেন.. সেই কারণে তিনি সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।

প্রেক্ষাগৃহ সাজানো হয়েছিল বিশাল LED ব্যাকড্রপ দিয়ে। অনুরাগীদের ভিড় ছিল দেখার মতোই। আর রাস্তায় এদিন দেখা যায়, যানজটের ছবি। দিলজিৎ অউরা ট্যুরের অংশ ছিল এই শো।

সামান্য যানজটের ছবি দেখা গেলেও, নির্বিঘ্নেই মিটল দিলজিতের কনসার্ট। দিল্লি পুলিশ এই কনসার্ট নিয়ে যে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন, সেই মতো সুষ্ঠুভাবেই এদিনের কনসার্ট শেষ হয়।
Published at : 31 Oct 2026 01:00 AM (IST)
Bango News is proudly powered by WordPress
Post Comment