তুষারপাতে সাদা চাদরে ঢাকল নাথুলা, পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা! খোলা ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, একাধিক রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ

Last Updated:

Darjeeling News: তুষারপাতের জেরে বন্ধ নাথুলা পাসে পর্যটকদের যাতায়াত। তবে খোলা রয়েছে ছাঙ্গু লেক ও নিউ বাবা মন্দির। পাশাপাশি জাতীয় সড়ক ১০-এ যান চলাচলে নিয়ন্ত্রণ এবং উত্তর সিকিমে দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর ঘটনায় পাহাড়ি পথে বাড়ছে সতর্কতা।

+

News18

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : সিকিমের উঁচু পার্বত্য এলাকায় ফের তুষারপাতের জেরে ব্যাহত পর্যটন পরিষেবা। নতুন করে বরফের চাদরে ঢেকেছে নাথুলা পাস সংলগ্ন এলাকা। পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আপাতত নাথুলার দিকে পর্যটকবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে স্বস্তির খবর, ছাঙ্গু লেক ও নিউ বাবা মন্দিরে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ফলে নাথুলা যেতে না পারলেও সিকিমের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যেতে পারছেন পর্যটকরা।

জানা গিয়েছে, বুধবার রাত থেকে শুরু হওয়া তুষারপাত বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এর জেরে নাথুলা যাওয়ার রাস্তায় পুরু বরফের আস্তরণ জমে যায়। পাহাড়ি পথে বরফ জমে থাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সেই কারণেই আপাতত পর্যটকবাহী গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে, তুষারপাতের প্রভাবে পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। পাহাড়ে জাঁকিয়ে বসেছে শীতের আমেজ, যার প্রভাব অনুভূত হচ্ছে শিলিগুড়িতেও।

অন্যদিকে, উত্তর সিকিমের মাঙ্গান জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার আপার জংগুর ফোর্থ মাইল এলাকায় পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর এবং ভেঙে পড়া গাছের আঘাতে প্রাণ হারান কালজাং লেপচা ও লাকপা লেপচা। দু’জনেই আপার জংগুর বাসিন্দা। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় তাঁদের সঙ্গে থাকা টারমিট লেপচা আহত হন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাঙ্গান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, উত্তর সিকিমের মাঙ্গানেও যান চলাচল নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। আগামী ১ নভেম্বর থেকে রং রং-মাঙ্গান বাজার রুটে ভারী ও মাঝারি পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ কার্যকর হবে বলে জানানো হয়েছে। একদিকে তুষারপাতের জেরে নাথুলায় পর্যটকদের প্রবেশ বন্ধ, অন্যদিকে জাতীয় সড়কে রাতের যান নিয়ন্ত্রণ এবং উত্তর সিকিমে দুর্ঘটনার ঘটনায় পাহাড়ি পথে যাতায়াত নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। তাই সিকিম ভ্রমণের পরিকল্পনা থাকলে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট রুটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Post Comment

You May Have Missed