Election: রাত পোহালেই ভোট, আগেই নিরাপত্তার কড়াকড়ি পুরুলিয়ায়! পর্যটন কেন্দ্র নিয়ে নির্দেশিকা কমিশনের
Last Updated:
Bengal Election: রাত পোহালেই নির্বাচন পুরুলিয়ায়৷ তার আগেই ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কড়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।
পুরুলিয়া, শান্তনু দাস: ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কড়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশ অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও হোটেল বা লজে বাইরের অতিথিদের থাকার অনুমতি দেওয়া যাবে না। এই নির্দেশ কার্যকর হতেই পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড়, গড় পঞ্চকোট-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।
জয়চন্ডী পাহাড় পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, “প্রশাসনের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক হোটেল ও লজ নতুন করে বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে এবং যেসব পর্যটক আগে থেকে বুকিং করেছিলেন, তাঁদেরও পরিস্থিতির কথা জানিয়ে দেওয়া হচ্ছে।”
হোটেল মালিকদের পক্ষ থেকে স্পষ্ট জানান হয়েছে যে, “এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভোটগ্রহণের দিন পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং ভোটের দিন পার হয়ে গণনার পরের দিন পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ পুরো নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন না হওয়া পর্যন্ত বাইরের কোনও অতিথিকে হোটেল বা লজে থাকার অনুমতি দেওয়া হবে না।
প্রশাসনের মতে, এই কড়া পদক্ষেপের মূল উদ্দেশ্য হল জেলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। নির্বাচনের সময় যাতে কোনওরকম অশান্তি, বিশৃঙ্খলা বা অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্যই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশ জারি করা হয়েছে।
তবে এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে কিছুটা হলেও সমস্যার মুখে পড়েছেন পর্যটকেরা। বিশেষ করে যাঁরা আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করেছিলেন বা হোটেলে বুকিং সেরে রেখেছিলেন, তাঁদের অনেককেই হঠাৎ করেই সেই পরিকল্পনা বাতিল বা পরিবর্তন করতে হচ্ছে। এতে স্বাভাবিকভাবেই কিছুটা অসুবিধা তৈরি হয়েছে।
তবুও, পরিস্থিতির গুরুত্ব এবং নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা বুঝে অধিকাংশ পর্যটকই এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই গ্রহণ করছেন। তাঁদের অনেকেই মনে করছেন, ব্যক্তিগত অসুবিধার থেকেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখা বেশি জরুরি। তাই সাময়িক অসুবিধা সত্ত্বেও তাঁরাও চাইছেন নির্বাচন হোক সম্পূর্ণ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে।
Puruliya,West Bengal



Post Comment