Kalyani Police Rescue: কল্যাণীতে বন্যপ্রাণী পাচারের চেষ্টা বানচাল, বিরল প্রজাতির স্লো লরিস উদ্ধার! গ্রেফতার দুই
Last Updated:
Kalyani Police Rescue: মোটরসাইকেলে ঘোরাঘুরি করতেই সন্দেহ, তল্লাশিতে মিলল বিরল স্লো লরিস– পুলিশের জালে দুই অভিযুক্ত।
কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারের চেষ্টা বানচাল করল কল্যাণী থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী স্লো লরিস (Slow Loris)। এই ঘটনায় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সুজয় দাস ও ইন্দ্রজিৎ মুখার্জি। উদ্ধার হওয়া প্রাণীটিকে কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কল্যাণী থানা এলাকায় বন্যপ্রাণী পাচারের বিষয়ে একটি গোপন সূত্রে খবর পান তদন্তকারীরা। সেই খবরের ভিত্তিতে তৎপরতার সঙ্গে অভিযান চালানো হয়। অভিযানের সময় মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই ব্যক্তিকে। এরপর তাঁদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অত্যন্ত বিরল প্রজাতির একটি স্লো লরিস। এরপরই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের গ্রেফতার করে আজ আদালতে তোলা হবে। পাশাপাশি, এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, উদ্ধার হওয়া প্রাণীটি কোথা থেকে আনা হয়েছিল, এর সম্ভাব্য ক্রেতা কারা এবং এই ঘটনার পিছনে স্থানীয় কোনও পাচারচক্র সক্রিয় রয়েছে কি না। এমনকী, এর সঙ্গে আন্তঃরাজ্য পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Post Comment