সন্দীপন, হামিদুলের পর জল্পনা বাড়ালেন কে…? কাজল শেখকে মিষ্টিমুখ শোভনদেবের, বিধানসভার লবিতে নতুন ‘নাটক’?

Last Updated:

Kajal Sheikh: শোভনদেব চট্টোপাধ্যায়ের দেওয়া মিষ্টি খেলেন কাজল শেখ। যদিও প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করতে রাজি নন কাজল। কালীঘাট শিবিরের কুণাল ঘোষ অবশ্য জানিয়েছেন, অনেকেই যোগাযোগ রাখছেন।

সন্দীপন ও হামিদুলের পর এবার কাজল শেখ?
সন্দীপন ও হামিদুলের পর এবার কাজল শেখ?

কলকাতা: শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা, আর তাতেই নতুন করে রাজনৈতিক জল্পনা। সন্দীপন ও হামিদুলের পর এবার আলোচনায় কাজল শেখ। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে মিষ্টি খেলেন তিনি। এই সৌজন্য সাক্ষাৎ ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি কাজল শেখ।

কালীঘাট শিবিরের নেতা কুণাল ঘোষ অবশ্য জানিয়েছেন, অনেকেই যোগাযোগ রাখছেন। ফলে কাজল শেখের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল আরও বেড়েছে।

যদিও গোটা বিষয়টিকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “লবিতে কাজল শেখের সঙ্গে দেখা হয়েছিল। ওকে মিষ্টি খাওয়াব বলি। আমার সঙ্গে কাজলের বহুদিন ধরে দারুণ সম্পর্ক। এর পিছনে অন্য কোনও রাজনৈতিক অঙ্ক নেই।”

একইসঙ্গে শোভনদেবের বক্তব্য, “মুষ্টিমেয় কয়েকজন বাদে অনেকেরই মমতার প্রতি দুর্বলতা আছে। কাজলেরও আছে। কাজল আজ আমাদের সঙ্গে কিছুক্ষণ ছিলেন। তবে আগামী দিনে উনি কী করবেন, সেটা ওঁর ব্যক্তিগত ব্যাপার।”

এখানেই শেষ নয়। শোভনদেব আরও জানিয়েছেন, যাঁদের ফেরত নেওয়া হবে না, সেই তালিকায় কাজল শেখ নেই। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই সাক্ষাতের কোনও রাজনৈতিক তাৎপর্য রয়েছে কি না, তা স্পষ্ট নয়। আপাতত কাজল শেখের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের।

Post Comment

You May Have Missed