রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কুমির… এ কী ভয়াবহ দৃশ্য! পাথরপ্রতিমায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
Last Updated:
রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কুমির। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুলমোড় এলাকায় এমনই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়াল। রাস্তার উপর দিয়ে কুমিরের চলাচলের সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে।
পাথরপ্রতিমা, নবাব মল্লিক: রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কুমির! দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুলমোড় এলাকায় এমনই দৃশ্য ঘিরে ছড়াল চাঞ্চল্য। রাস্তার উপর দিয়ে কুমিরের চলাচলের সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। তৎপরতার সঙ্গে কুমিরটিকে উদ্ধার করেন তাঁরা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করার পর সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে। তবে কীভাবে কুমিরটি রাস্তার উপর উঠে এসেছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় লোকালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। কখনও বসতবাড়ির আশপাশে, কখনও পাড়ার পুকুরে, আবার কখনও রাস্তার কাছাকাছি কুমিরের দেখা মেলে। নদী ও খাঁড়ি ঘেরা এই বিস্তীর্ণ এলাকায় কুমিরের উপস্থিতি ঘিরে মাঝেমধ্যেই আতঙ্ক ছড়ায়। কুমির দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড়ও জমে যায়। তবে বন্যপ্রাণীর কাছাকাছি যাওয়া বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করছেন বনকর্মীরা।
এর আগে বনশ্যামনগর এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছিল একটি বিশালাকার কুমির। কুমিরের খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় জমিয়েছিলেন এলাকার বাসিন্দারা। অনেকেই মোবাইল ফোনে কুমিরটির ছবি ও ভিডিও তোলার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। এরপর কুমিরটিকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। সুন্দরবনের নদী, খাঁড়ি ও জলাভূমির সঙ্গে লোকালয়ের ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় মাঝেমধ্যেই এমন পরিস্থিতি তৈরি হয়। তাই এলাকায় কুমির দেখা গেলে সেটিকে ধরতে বা তাড়াতে নিজেরা উদ্যোগী না হয়ে বন দফতরকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Post Comment