Bangla News: হোয়াটসঅ্যাপের যুগে ফের কলমের টান! ডাক বিভাগের ‘ঢাই আখর’ প্রতিযোগিতায় মাতল পাঁচ কলেজের পড়ুয়ারা
Last Updated:
Bangla News: ডিজিটাল যুগে হারিয়ে যাওয়া চিঠি লেখার ঐতিহ্য ফেরাতে ডাক বিভাগের ‘ঢাই আখর’ জাতীয় পত্রলিখন প্রতিযোগিতায় অংশ নিল পাঁচ কলেজের শতাধিক পড়ুয়া। বিষয় ছিল ধরিত্রী রক্ষা।
বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: স্মার্টফোন, ইন্টারনেট ও সমাজমাধ্যমের যুগে দ্রুত বদলে যাচ্ছে যোগাযোগের মাধ্যম। মুহূর্তের মধ্যে বার্তা পৌঁছে গেলেও হাতে কলম নিয়ে চিঠি লেখার অভ্যাস ক্রমশ কমছে। হারিয়ে যেতে বসা চিঠি লেখার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ছাত্রছাত্রীদের সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করতে ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে জাতীয় পত্রলিখন প্রতিযোগিতা ‘ঢাই আখর’। এই প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে আগ্রহ তৈরি করতে উদ্যোগী হয়েছে একটি বেসরকারি সংস্থা। সংস্থার উদ্যোগে বিভিন্ন কলেজের শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের লেখা চিঠি জমা দিয়েছেন। চিঠির মাধ্যমে নিজেদের ভাবনা, অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরার সুযোগ পেয়েছেন তাঁরা।
প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিজয় নারায়ণ মহাবিদ্যালয়, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, কালনা-১, পোলবা মহাবিদ্যালয়, তেহট্ট সদানন্দ মহাবিদ্যালয় এবং স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। এই পাঁচটি কলেজের শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্দিষ্ট বিষয়ের উপর নিজেদের বক্তব্য চিঠির মাধ্যমে প্রকাশ করেছেন। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘ধরিত্রী মাকে রক্ষা করার অঙ্গীকার’। সেই বিষয়কে সামনে রেখে প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, দূষণ রোধ এবং আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তোলার মতো গুরুত্বপূর্ণ ভাবনা উঠে এসেছে প্রতিযোগীদের লেখায়। চিঠির মাধ্যমে পরিবেশের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রকাশের পাশাপাশি সমাজের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ারও সুযোগ পেয়েছেন তাঁরা।
সংস্থার তরফে সন্দীপন সরকার জানান, ডিজিটাল যোগাযোগের প্রসারের ফলে হাতে চিঠি লেখার অভ্যাস অনেকটাই কমে গিয়েছে। অথচ চিঠি শুধু যোগাযোগের মাধ্যম নয়, নিজের মনের কথা, অনুভূতি ও চিন্তাভাবনা সুন্দরভাবে প্রকাশেরও একটি বিশেষ মাধ্যম। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সেই অভ্যাস ফিরিয়ে আনা এবং তাঁদের লেখার প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। পাশাপাশি, এবারের বিষয়ের মধ্য দিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়েও পড়ুয়াদের ভাবনাচিন্তার সুযোগ তৈরি হয়েছে।

Post Comment