কালীপুজো-ছটপুজোয় বাড়তি সতর্কতা, জগদ্ধাত্রী পুজো ও রাস উৎসব ঘিরে বিশেষ উদ্যোগ রাজ্যের
Last Updated:
CM Suvendu Adhikari: উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী কী নির্দেশ?
কলকাতা: চোরবাগানের পুজোমণ্ডপে দুর্ঘটনার পর কালীপুজো, ছটপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো ও রাস উৎসব ঘিরে বাড়তি সতর্কতা রাজ্য সরকারের। উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং শান্তিপুরের রাস উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কালীপুজো ও ছটপুজোর প্রস্তুতি নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করা হয়েছে। উত্তর কলকাতার ঘিঞ্জি এলাকা, কোচবিহার, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল-সহ একাধিক এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ছটপুজোর ঘাটগুলির নিরাপত্তায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিম বর্ধমানের একাধিক এলাকায় অবৈধভাবে বালি তোলার ফলে নদীর ঘাটগুলি বিপজ্জনক হয়ে উঠেছে। কোথায় নিরাপদ ঘাট রয়েছে, কোথায় ঝুঁকি রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙায় দু’বছর আগে কার্তিক পুজোর মেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গ তুলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকে যাতে নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবকে বিশেষভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই দুই উৎসবের জন্য মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সৌমিত্র মোহনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করে পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। সেই প্রস্তাবের ভিত্তিতে রাজ্য সরকারের তরফে বিশেষ আর্থিক বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও আতশবাজি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ এবং পরিবেশ দপ্তরের বিধিনিষেধ নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন করা হবে। সেখানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুলিশ ও দমকলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Post Comment