‘একটু শান্তি দিন, গুজব ছড়াবেন না…’, অনীক দত্তের পরিবারের তরফ থেকে দেওয়া হল কী বার্তা?

‘একটু শান্তি দিন, গুজব ছড়াবেন না…’, অনীক দত্তের পরিবারের তরফ থেকে দেওয়া হল কী বার্তা?

কলকাতা: প্রয়াত পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। আজ দুপুরে স্ত্রীয়ের আবাসনের ছাদ থেকে পড়ে যান তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করা হয় পরিচালককে। পরিবারের তরফে জানানো হয়েছে, শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন অনীক দত্ত। সূত্রের খবর, একটি ‘সুইসাইড নোট’-ও উদ্ধার করা হয়েছে। তাহলে কী অবসাদের কারণেই চরম সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় পরিচালক? আজ এই ঘটনার পরে, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনীক দত্তকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে পরিচালকের দেহের ময়নাতদন্ত হয়। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন সেখানে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালেই শেষ শ্রদ্ধা জানাতে আসেন। কথা বলেন পরিবারের মানুষদের সঙ্গেও। 

পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর, মেয়ে ফিরলে শেষকৃত্য

অনীক দত্তের একমাত্র কন্যা থাকেন সুইডেনে। তাঁকে ইতিমধ্যেই দুঃসংবাদ দেওয়া হয়েছে। তিনি আজ দুপুরের দিকে দেশে ফিরবেন। এরপরেই প্রয়াত পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। আজ রাতে পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে প্রয়াত পরিচালকের দেহ। আগামীকাল যথাযোগ্য মর্যাদায় অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে।  তবে শেষকৃত্যের আগে, নন্দনে কিছুক্ষণের জন্য শায়িত থাকবে তাঁর মৃতদেহ। প্রয়াত পরিচালককে যাতে শেষশ্রদ্ধা জানাতে পারেন তাঁর গুণগ্রাহীরা, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। পরিচালকের পরিবারের সঙ্গে আজ দেখা করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখনও পর্যন্ত, পরিবারের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায়, পরিবারের তরফ থেকে একটি বার্তা শেয়ার করে নিয়েছেন, পরিচালক বিরসা দাশগুপ্ত। কী বার্তা রয়েছে সেখানে? 

কী বার্তা পরিবারের তরফে?

বিরসা দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট শেয়ার করে নিয়েছেন সেখানে লেখা রয়েছে, ‘অনীক দত্তের পরিবারের তরফ থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সংবাদমাধ্যমের বন্ধুরা আর প্রশাসনের কাছে অনুরোধ… প্রয়াত পরিচালকের পরিবারকে এই মুহূর্তে একটু শান্তি আর ব্যক্তিগত জায়গা দেওয়া উচিত। দয়া করে গুজব ছড়াবেন না। বাংলা সিনেমার ইতিহাসে এটা একটা কালো দিন। পরিবারের কাছে দিনটা আরও দুঃখজনক। অনীকদা বাংলা সিনেমার শুধু স্বতন্ত্র কন্ঠই ছিলেন না, উনি ছিলেন প্রত্যেক আড্ডার প্রাণ। মজা করতে ভালবাসতেন, আর সবার ভীষণ ভালবাসার মানুষ ছিলেন। প্রত্যেকের কাছে অনুরোধ… দয়া করে কোনোরকম গুজব ছড়াবেন না। গুজবে কান দেবেন না। দয়া করে, শোকস্তব্ধ পরিবারের পাশে থাকুন, প্রার্থনা করুন।’

 

আরও পড়ুন: Anik Dutta Death: পোস্টে ছিল অবসাদের ইঙ্গিত, খুঁজেছিলেন মায়ের আশ্রয়! ‘ভাল নেই’… বারে বারে ইঙ্গিত দিয়েছিলেন অনীক দত্ত

 



Previous post

Annapurna Bhandar Update: চিন্তা নেই! অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণে সমস্যা হলেই যাওয়া যাবে..১৫, ১৬, ১৭ রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির

Next post

বাংলা সিনেমায় সুযোগ দিয়েছিলেন, সেই অভিনেতাকেই আবার অনীক দত্ত বলেছিলেন, এক সিনের পার্ট কি করবে?

Post Comment

You May Have Missed