ক্লান্তি ভুলিয়ে দেবে এই সাফল্য, ভারতের রেকর্ড-জয়ের কারণ হিসাবে কী বেছে নিলেন শ্রেয়স?

ক্রাইস্টচার্চ: ম্যাচের আগে দুশ্চিন্তা চলছিল, নিউজ়িল্যান্ডে পৌঁছনোর দীর্ঘ বিমানযাত্রার ধকল ভারতীয় দল কতটা কাটিয়ে উঠতে পেরেছে তা নিয়ে। মাত্র একদিন প্র্যাক্টিস করে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে নেমেছিল ভারত। অনেকের আশঙ্কা ছিল, মাঠে নেমে নিজেদের সেরা পারফরম্যান্সটা তুলে ধরতে পারবেন তো শ্রেয়স আইয়াররা?

তবে মাঠে নেমে ভারত শুধু জিতলই না, জিতল রেকর্ড গড়ে। টি-২০ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল ভারত। ২ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে নিউজ়িল্যান্ডের ২২৫ রান পেরিয়ে ২৩০ তুলল ভারত।

ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবেই স্বস্তি ভারত অধিনায়ক শ্রেয়সের গলায়। বললেন, ‘দারুণ জয়। এবার মনে হয় বিমানযাত্রার ধকল ভুলে যাওয়া উচিত। আমরা যখন বোলিং শুরু করেছিলাম, উইকেট একটু মন্থর ছিল। বল কিছুটা থমকে আসছিল। আর আমরা একটু ওপরের দিকে বল করছিলাম। যে লেংথ এখানে ঠিক নয়। তবে ম্যাচ যত এগিয়েছে, আমরা দেখেছি শিশির পড়ছে। উইকেট সহজ হয়ে যাচ্ছিল আর বল পিচে পড়ে ভালভাবে ব্যাটে আসছিল। সেভাবেই ওরা ছন্দ পেয়ে ২২০ রান তুলেছিল।’

রান তাড়া করতে নেমে ভারত যেভাবে শুরু করেছিল, তারও ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে শ্রেয়সের গলায়। বলেছেন, ‘৬ ওভারে ৮০-৮৫ রান যোগ করা দুর্দান্ত ঘটনা। দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা অভিজ্ঞ। কীভাবে ব্যাটিং করতে হবে ওদের বলে দেওয়ার দরকার পড়ে না। ওরা জানে ঠিক কী করছে আর একবার শুরুটা ভাল হলে শুধু ছন্দ ধরে রাখাটা বিষয়। আজ সেটারই একটা উদাহরণ তৈরি হল। এটা সব সময় হবে না, তবে ওরা দাঁড়িয়ে গেলে ম্যাচের রং পাল্টে দেবে। যেটা ওরা আজ করেছে। তারপর আমরা ক্রিজে নেমে শুধু জাহাজটিকে সঠিকভাবে দিশায় পৌঁছে দিয়েছি।’

আরও পড়ুন: টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস ভারতের

ব্যাট হাতে রোশনাই ছড়িয়েছেন নমন ধীর। সাত নম্বরে ব্যাট করেন। বল হাতেও ভেল্কি দেখাতে পারেন। শ্রেয়স বলেছেন, ‘অবশ্যই ওর মতো ক্রিকেটার পাওয়া দারুণ ব্যাপার। আমাদের হাতে অনেক বিকল্প এসে গিয়েছে ও যোগ দেওয়ায়। বিশেষ করে বাঁহাতি ব্যাটারদের ক্ষেত্রে ওর বোলিং, বা এই ধরনের পিচে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রেও। ২-৩টি গুরুত্বপূর্ণ ওভার বল করে দিতে পারে। সেটাই ম্যাচের গতি বদলে দেয়। আর আমি ব্যক্তিগতবাবে মনে করি, যে শান্ত, সংযত মানসিকতা ও আজ দেখিয়েছে, ওকে ব্যাট করতে দেখাটা দারুণ অভিজ্ঞতা।’

Post Comment

You May Have Missed