জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, মাটি কাঁপল চিনেরও, নেপালে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই
নয়াদিল্লি: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। সীমান্ত এলাকায় ভূমিকম্পের পর পরই নেপালে ভয়াবহ হড়পা বান, ধস নেমে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই মাটি কাঁপল তিব্বতের, এক বার নয়, পর পর দু’বার। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। (Tibet Earthquake)
ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা বেজে ৩ মিনিটে প্রথম বার মাটি কেঁপে ওঠে তিব্বতের । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭। অরুণাচল প্রদেশের পান্ডিনের ৪৮৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমের মাটি দুলে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মাটির ১৭৩ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে। (Earthquake in Tibet)
An earthquake of magnitude 7.0 struck Tibet at around 8:03 PM IST, at a depth of 173 km: National Center for Seismology https://t.co/yW37FaWcGu
— ANI (@ANI) October 22, 2026
এর মাত্র কয়েক মিনিট পর, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা বেজে ৪২ মিনিটে দ্বিতীয় বার মাটি কেঁপে ওঠে তিব্বতের। সেবার কম্পনের তীব্রতা ছিল ৫। অরুণাচলের বাসার থেকে ৩২৩ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমের অংশে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দ্বিতীয় বার মাটির ১৫ কিলোমিটার গভীরতা থেকে ছড়িয়ে পড়ে কম্পন।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, তিব্বতের উত্তরে, উচ্চ পার্বত্য অঞ্চল নাগচু এদিনের ভূমিকম্পের উৎসস্থল, যা প্রায় ৪৮৬৫ মিটার জায়গা জুড়ে বিস্তৃত। ভূমিকম্পের পর আফটারশকও অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
মাত্র কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ হড়পা বান নেমে আসে নেপালে। ধসে চাপা পড়ে যায় বিস্তীর্ণ এলাকা। সবমিলিয়ে প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারান। ওই বিপর্যয়ের আগেও নেপাল-তিব্বত সীমান্তে ভূমিকম্প হয়েছিল। এবার আরও উল্লেখযোগ্য ভাবে, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা বেজে ২৯ মিনিটে ভূমিকম্প হয় চিনে। অরুণাচল প্রদেশ থেকে ৫০৫ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। মাটির ১৫ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে।
Post Comment