WB Assembly Elections 2026: ‘আগের বার মেয়েটার হাত ধরে ভোট দিতে গিয়েছিলাম…’ ভোট দিয়ে বেরিয়ে কান্নায় গলা বুজে এল তামান্নার মা-র

WB Assembly Elections 2026: ‘আগের বার মেয়েটার হাত ধরে ভোট দিতে গিয়েছিলাম…’ ভোট দিয়ে বেরিয়ে কান্নায় গলা বুজে এল তামান্নার মা-র

Last Updated:

WB Assembly Elections 2026: ২০২৪ সালের ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় উৎসবের উল্লাস কেড়ে নিয়েছিল ছোট্ট মেয়েটাকে। আজ সেই মা সাবিনা ইয়াসমিন কালীগঞ্জের সিপিআইএম প্রার্থী। ভোট দিয়ে বেরিয়ে এসে কান্নায় গলা বুজে এল।

ভোট দিলেন সাবিনা ইয়াসমিন
ভোট দিলেন সাবিনা ইয়াসমিন

কালিগঞ্জ, নদিয়া: গত বিধানসভা ভোটে যখন বুথে গিয়েছিলেন ভোট দিতে, তখন তাঁর বাঁ হাতের আঙুল ধরে ছিল ছোট্ট তামান্না। সেটাই ছিল সাবিনা ইয়াসমিনের কাছে সবচেয়ে বড় ভরসা। সবচেয়ে বড় অবলম্বন। কিন্তু উপনির্বাচনে হিংসা কেড়ে নিয়েছিল মেয়েকে। মা সাবিনা ইয়াসমিন আজ কালীগঞ্জের সিপিআইএম প্রার্থী। দ্বিতীয় দফায় ভোট দিলেন! ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে গলা কান্নায় বুঁজে এল অসহায় মায়ের। আজ আর পাশে মেয়েটা নেই। সাবিনা ইয়াসমিনের কথায়, ”আগের বার মেয়ের হাত ধরে ভোট দিতে গিয়েছিলাম। আজ ও নেই। শুধু ওর স্মৃতিটুকু সম্বল করে লড়াইয়ে নেমেছি।’’

২০২৪ সালের ২৩ জুন আচমকাই জীবনে নেমে এসেছিল নিকশ কালো অন্ধকার! উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় উৎসবের উল্লাস কেড়ে নিয়েছিল ছোট্ট মেয়েটাকে। সেই মা আজ ভিতর থেকে দীর্ণ-বিদীর্ণ, কিন্তু দুর্বল নন! অপরিসীম শোক তাঁকে লোহার মতো শক্ত বানিয়েছে! তাঁর ভাষায়, ” আমার তামান্না তো আর ফিরবে না, এখন এলাকার মানুষের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। কালীগঞ্জ অঞ্চলের বেশিরভাগ স্কুল বন্ধ হওয়ার মুখে। আমি জয়ী হলে সেগুলো সচল রাখা ও পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দিকে নজর দেব। এলাকার বন্ধ কারখানাগুলো ফের খুলে বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।”

সাবিনা ইয়াসমিন বলেন,” এমন কোনও মুহূর্ত নেই যখন আমি তামান্নার কথা ভাবি না। আমার প্রতি নিঃশ্বাসে ও আছে। মনে হয়, চোখের সামনেই রয়েছে। নির্বাচনী প্রচারে বেরিয়ে যখন অন্য বাচ্চাদের দেখি, আদর করি, মনে হয় নিজের মেয়েকেই দেখছি।”

Mainak Debnath

Post Comment

You May Have Missed