‘হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি…’, এবার চরম সতর্কবার্তা ইরানের
নয়াদিল্লি : হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে টানাপোড়েনের শেষ নেই। এবার সুর আরও চড়াল ইরান। আমেরিকা যদি তাদের বিরুদ্ধে “অর্থনৈতিক যুদ্ধ” অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের অন্যান্য এলাকা দিয়ে সব ধরনের তেল রফতানি তারা বন্ধ করে দিতে পারে বলে চরম সতর্কবার্তা দিল ইরান। ইরান ও তার বাণিজ্যিক পার্টনারদের উদ্দেশে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এই সতর্কবার্তা দিয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, রেজাই এক্স হ্যান্ডেলে লিখেছেন, “যদি অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকে, তবে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের কোনও স্থান-কোথাও থেকেই এক ফোঁটা তেলও রফতানি করা হবে না।”
If the economic war continues, not a single drop of oil will be exported٫ neither through the Strait of Hormuz nor from anywhere in the Persian Gulf. Iran will regard any country’s participation in or support for America’s economic war against the Iranian people as an act of war.
— محسن رضایی (@ir_rezaee) August 23, 2026
রেজাই আরও সতর্ক করে বলেছেন যে, তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে অংশগ্রহণকারী বা সমর্থনকারী যে কোনও দেশকে ইরান ‘অ্যাক্ট অফ ওয়ার’ হিসেবে গণ্য করবে।
ইরানের বিরুদ্ধে আমেরিকা একটি বড় ধরনের নতুন আর্থিক অভিযানের হুমকি দেওয়ার প্রেক্ষাপটে এই সতর্কবার্তাটি সামনে এল। খবর অনুযায়ী, ইরানের বাণিজ্যিক পার্টনারদের লক্ষ্য করে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতির মধ্যেই সোমবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সাংবাদিক সম্মেলন করার কথা।
ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাকের গালিবাফও ‘এক্স’ (X)-এ এক পোস্টে আমেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞার হুমকি নিয়ে ব্যঙ্গ করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন যে, কঠোর অর্থনৈতিক বিধিনিষেধ শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে দেশবাসীর উদ্দেশে মার্কিন প্রেসিডেন্টের এক আহ্বান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করে ওয়াকিবহাল মহল। আমেরিকানদের পেট্রোলের জন্য কিছুটা বেশি দাম মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলতে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই আহ্বান জানান আমেরিকার প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, “পেট্রোলের জন্য সামান্য একটু বেশি টাকা খরচ করা” সার্থক হবে, যদি এর বিনিময়ে নিশ্চিত করা যায় যে “একটি অত্যন্ত অশুভ দেশ” পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Post Comment