WB Assembly Election 2026: বাসের ভাড়াই প্রায় ২ লক্ষ! ভোটের ডিউটিতে উত্তর থেকে দক্ষিণে, মোটা টাকা খরচ করে আসছেন ভোটকর্মীরা
Last Updated:
West Bengal Assembly Election 2026: বুধবার কলকাতা, হুগলি সহ দক্ষিণবঙ্গের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট। সেই জন্য প্রায় ২ লক্ষ টাকা দিয়ে তিনদিনের জন্য একটি ভলভো বাস ভাড়া করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসছেন ভোটকর্মীরা।
কোচবিহারঃ রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোট। বুধবার বাংলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। সেই ভোটের ডিউটির জন্য প্রায় ২ লক্ষ টাকা দিয়ে বাস ভাড়া করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসছেন বেশ কয়েকজন ভোটকর্মী।
জানা যাচ্ছে, সোমবার দুপুরে কমিশনের তরফে ৩৫০-রও বেশি সরকারি কর্মচারীর কাছে একটি মেল আসে। সেখানে বলা ছিল, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাঁদের নির্দিষ্ট ডিসিআরসি কেন্দ্রে রিপোর্ট করতে হবে। তাঁরা সকলেই প্রথম দফার ভোটে ডিউটি করলেও দ্বিতীয় দফার ভোটেও দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় অসুবিধার বিষয় হয়ে দাঁড়ায়, এই সরকারি কর্মীরা কলকাতা থেকে প্রায় ৭১৩ কিমি দূরে কোচবিহারে থাকেন।
কমিশনের তরফে এই মেল আসার পর অনেকেই চিন্তায় পড়ে যান। এত কম সময়ে কীভাবে কোচবিহার থেকে কলকাতা যাবেন? এই নিয়ে ভাবনায় পড়েন তাঁরা। এরপর মুশকিল আসানের আশায় জেলাশাসকের দফতরে ছুটে আসেন। তবে জানা যাচ্ছে, প্রশাসনের তরফ থেকে তেমন সাড়া না মেলায় ব্যক্তিগত বা দলবদ্ধভাবে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন সরকারি কর্মীরা।
তাঁদের মধ্যে কেউ কেউ ট্রেনে-বাসে চেপে বেরিয়ে পড়েন। অন্যদিকে প্রায় ৩০ জন সরকারি কর্মী ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে তিনদিনের জন্য একটি ভলভো বাস ভাড়া করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। বুধবার ভোটপর্ব সম্পন্ন হওয়ার পর এই বাসে করেই ফের কোচবিহারে ফিরে আসবেন তাঁরা।
এই বিষয়ে এক সরকারি কর্মী বলেন, “ভোটের ডিউটি করে দেড় থেকে দু’হাজার টাকা পাওয়া যায়। কিন্তু গাড়ি ভাড়া, খাওয়াদাওয়া নিয়ে খরচ প্রায় ১০ হাজার টাকা”। তিনি আরও জানান, “মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিধাননগর কলেজের ডিসিআরসি সেন্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। সোমবার অফিস আসার পর ডিভিশন অফিসের তরফ থেকে নির্বাচনের ডিউটির বিষয়ে জানানো হয়। এত কম সময়ের মধ্যে সেখানে যাওয়া কীভাবে সম্ভব? কম করে ২ দিন আগে জানানো উচিত ছিল”।
অন্যদিকে অতিরিক্ত জেলাশাসক দীননারায়ণ ঘোষ জানান, রবিবার রাতেই কমিশনের তরফে এই ভোটকর্মীদের ডিউটি সংক্রান্ত চিঠি আসে। এরপর সংশ্লিষ্ট অফিসগুলিতে জানানো হয়। অনেকে অসুবিধার কথা জানাতে আসায় আরটিও-কে বলে ২টি গাড়ির বন্দোবস্ত করা হয়। তবে পরে আর কেউ এসে যোগাযোগ করেননি।
প্রসঙ্গত, এবারের বিধানসভা ভোট দু’দফায় হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। আগামীকাল দ্বিতীয় দফার ভোট। ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Apr 28, 2026 11:37 AM IST
WB Assembly Election 2026: বাসের ভাড়াই প্রায় ২ লক্ষ! ভোটের ডিউটিতে উত্তর থেকে দক্ষিণে, মোটা টাকা খরচ করে আসছেন ভোটকর্মীরা




Post Comment