রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তা লিখলেন…
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর একটা দীর্ঘ সময় পরে, নতুন করে চর্চায় উঠে এসেছে, তাঁর ব্যক্তিগত জীবন। প্রয়াত অভিনেতার সঙ্গে জড়িয়েছে, অভিনেত্রী মৌমিতা পণ্ডিত (Moumita Pandit)-এর নাম। সদ্যই মৌমিতা প্রকাশ্যে এনেছিলেন যে, রাহুলের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এখানেই শেষ নয়, তিনি জানিয়েছেন যে, তাঁর আর রাহুলের সম্পর্ককে প্রকাশ্যে আনারও পরিকল্পনা করেছিলেন তাঁরা। তালসারিতে যেদিন শ্যুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটে, সেইদিন শট দিতে যাওয়ার আগেও, রাহুলের সঙ্গে ভিডিও কলে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন তিনি। তবে এই তথ্য প্রকাশ্যে আনার পর থেকেই, কটাক্ষের শিকার হয়েছেন মৌমিতা, আর এবার এই গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে কী লিখলেন তিনি?
রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে মৌমিতাকে তীব্র কটাক্ষ সুদীপ্তার
সোশ্যাল মিডিয়ায় মৌমিতার নাম উল্লেখ করে সুদীপ্তা লিখেছেন, ‘প্রেম খুবই ব্যক্তিগত ব্যপার। তা ব্যক্তিগত থাকাই বাঞ্ছনীয় ছিল, বিশেষ করে দুজনের একজন যখন এর পক্ষে বা বিপক্ষে বলার জায়গাতেই আর নেই এবং তার এক প্রায়-বয়ঃসন্ধিক্ষণে পৌঁছনো সন্তান রয়েছে যে সারাজীবন তার বাবাকে আর পাবে না এর সত্যতা যাচাই করার জন্য, শুধু মুখ বুঁজে তাকে অপমান সহ্য করে যেতে হবে তোমার এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য। তার মা, দাদা, কাছের বন্ধু আত্মীয়রাও বেঁচে রয়েছেন তাঁদের আদরের বাবিনকে হারানোর শোক বয়ে নিয়ে, এবং তার একদা বিবাহিত স্ত্রী ও আছেন যিনি তোমার থেকে বয়সে সম্ভবত ছোট কিন্তু অভিনয় ক্ষমতা ও পেশাগত সাফল্যে কয়েক কোটি মাইল এগিয়ে। বাবিন যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তো তার আশপাশের এই মানুষগুলোর কথা তোমার ভাবা উচিৎ ছিল মৌমিতা, বাবিনের সম্মানের কথা ভাবা উচিৎ ছিল। সম্মান ছাড়া ‘ভালোবাসা’ তো হয় না ভাই, ‘ভালোবাসার ভান’ হয়। যে ‘প্রেম’ তোমার ‘ছিল’ বলে দাবী করছ, তা যদি সত্যি থেকে থাকে, তাহলে তার ভিডিও পোস্ট করে এত বড় অপমানটা না করলেই পারতে। খুব আঘাত পেলাম। খুব রাগ হল, কিছুটা ঘৃণাও। ভালোবাসা বড় পবিত্র জিনিস, তাকে আগলে রাখতে হয়, এইভাবে বাজারে বিক্রী করে দিতে নেই।’
সুদীপ্তা আরও লিখেছেন, ‘যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, তাহলে তা ফেসবুকে প্রমাণ করার চেষ্টা না করে, রোজ গিয়ে থানায় জিজ্ঞাসা করতে পারতে — তার মৃত্যুটা ঠিক কীভাবে হল? কার কার গাফিলতিতে হলো? সেসবের তদন্ত কবে হবে ?…উড়িষ্যার তালসারি থানায় গিয়ে ধর্ণা দিতে পারতে, জানতে চাইতে পারতে — তার মৃত্যুর তদন্ত হতে এত সময় লাগছে কেন ?… রাস্তায় প্লাকার্ড নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পারতে — “I want justice” লিখে…. আমাদের দেশে বিচার ব্যবস্থা অত্যন্ত সময়সাপেক্ষ ও খরচসাপেক্ষ। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে জানতে চাইতে পারতে — ওর উকিলের খরচ কেমন করে জোগাড় করছে মেয়েটা ? … বুম্বা দা, শান্তি দা, যীশু, দেবদূত, বিদীপ্তা দি রা এক অসম লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপ্রাণ, ওঁদের পাশে থাকতে পারতে, বলতে পারতে — “তোমরা হাল ছেড়ো না, কেউ না থাক আমি আছি আমার ‘প্রেম’ এর জন্য, তোমরা হার মেনো না, সময় লাগবে কিন্তু জিত আমাদের হবেই”…. তাহলে বুঝতাম তোমার ‘প্রেম’ এ দম আছে, তাহলে বুঝতাম তুমি সত্যি বলছো, তুমি ‘ভালোবেসেছিলে’ বাবিনকে।’
আরও পড়ুন: Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Post Comment