School Bus: স্টিয়ারিং হাতে হঠাৎ অসুস্থতা চালকের, হুড়মুড় করে দোকানে ঢুকে গেল স্কুলবাস! বরাতজোরে রক্ষা পেল খুদে পড়ুয়ারা
Last Updated:
Siliguri School Bus: শিলিগুড়িতে বেসরকারি স্কুলের বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার। স্কুল বাসের চালক হঠাই অসুস্থ হয়ে পড়ায় বিপত্তি। ঘটনায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনা চিন্তা বাড়িয়েছে অভিভাবকদের।
শিলিগুড়ি, ঋত্বিক ভাট্টাচার্য: বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি শহরের হসপিটাল মোড় এলাকায় এক চাঞ্চল্যকর পথদুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। একটি বেসরকারি স্কুলের বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি খাবারের দোকান, পার্কিংয়ে রাখা একাধিক মোটরবাইক এবং একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। ব্যস্ত সময়ে এমন ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসচালক হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন।
অভিযোগ, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ায় গাড়ির ওপর থেকে নিয়ন্ত্রণ হারান। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাসপাতাল সংলগ্ন একটি খাবারের স্টল এবং বাইকের ওপর উঠে যায়। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন। আহত ওই মহিলা এবং বাসচালককে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে ঘিরে উঠছে বড় প্রশ্ন। যদি কোনও বাসচালকের গুরুতর শারীরিক সমস্যা থাকে, তবে কীভাবে তাঁর হাতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন অনেকে। শহরে স্কুলবাস সংক্রান্ত দুর্ঘটনার পুনরাবৃত্তিতে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং বাসচালকের শারীরিক অবস্থা ও স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব খতিয়ে দেখা হচ্ছে।
Siliguri,Darjeeling,West Bengal
School Bus: স্টিয়ারিং হাতে হঠাৎ অসুস্থতা চালকের, হুড়মুড় করে দোকানে ঢুকে গেল স্কুলবাস! বরাতজোরে রক্ষা পেল খুদে পড়ুয়ারা




Post Comment