পুজোর ভীড়ে কাছাকাছি মমতা তৃণমূল ও কংগ্রেস…? ‘বিষয় দোস্তির নয়’, পুরভোটের আগে নতুন সমীকরণের ‘হিন্ট’ শুভঙ্করদের!
Last Updated:
Congress: ‘নার্সারির বাচ্চারাও সব বোঝে’, পুজোর ভীড়ে কাছাকাছি মমতা তৃণমূল ও কংগ্রেস? উত্তরে কী মন্তব্য প্রদেশ কংগ্রেসের?
কলকাতা: পুরভোটের আগে বারবার আলোচনায় নয়া ‘জোট’ সমীকরণের ইঙ্গিত। শোনা যাচ্ছে পুজোর ভীড়েই কার্যত এবার কাছাকাছি মমতা তৃণমূল ও কংগ্রেস। কুণাল ঘোষ ও শুভঙ্কর সরকারের দীর্ঘ বৈঠক উস্কে দিয়েছে পুরভোটের আগে বড় সমীকরণের ইঙ্গিত। নয়া মুখ খুঁজে, আসন ভাগাভাগি করে লড়ার ইঙ্গিত মিলছে রাজনৈতিক জল্পনায়। এই নিয়ে প্রকাশ্যে দুই শিবির মুখ না খুললেও, জোট জল্পনা এড়াচ্ছেন না কেউই। এই বিষয়ে এবার প্রদেশ কংগ্রেসের তরফে অবস্থান ব্যাখ্যা করলেন মুখপাত্র সুমন রায়চৌধুরী।
তাঁর কথায়, “বিষয় দোস্তির নয়। সারা দেশজুড়ে তাণ্ডব করছে বিজেপি। পুজোয় এই রাজ্যে দেখা গেল চরম পুলিশি নিষ্ক্রিয়তা। সেখানে সবাই এক সঙ্গে ধিক্কার জানাবে সেটাই স্বাভাবিক। যারা দায়িত্বশীল তারা মনে করেন প্রতিবাদ করা উচিত। আমরা আমাদের মতো গিয়েছি। সময় এক হয়ে গিয়েছে।”
সুমন বলেন, “যাঁর বাড়িতে মিটিং হল তাঁর সঙ্গে উভয়পক্ষের পারিবারিক সম্পর্ক। বন্ধুরা এক সঙ্গে হয়ে গিয়েছিল। তবে দুই রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে আলোচনা হবেই। বাকিটা শীর্ষ নেতৃত্ব দেখছে।” প্রদেশ কংগ্রেস মুখপাত্রের দাবি, “গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস সম্ভবত শুভেন্দু অধিকারীরই নামকরণ। ওনার বোরে হয়ে কাজ করছে ওঁরা। নার্সারির বাচ্চারাও সব বোঝেন। এরা ব্রেক অ্যাওয়ে গ্রুপ।”
অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস নেতার মন্তব্য, “স্টেট ইন্টিলেজেন্স আরও শক্তপোক্ত হোক। আগে শুভেন্দু বাবুরা বলতেন এই রাজ্য নাকি সেফ প্যাসেজ। আগের সরকারের ভোট রাজনীতি। তাহলে এখন কী করে হচ্ছে? আমরা চাই বাাংলার মানুষ নিরাপদে থাকুন।”
এদিকে শুধু কংগ্রেস-মমতা তৃণমূলের কাছাকাছি আসা নয়, বামেদের সঙ্গে বদলাচ্ছে দুই শিবিরের সম্পর্কের সমীকরণ। এরই মধ্যে বামদের স্পেস দিচ্ছে দুই শিবির। চোরবাগান ইস্যুতে যেভাবে একই সময়ে তিন দল প্রতিবাদ কর্মসূচী করেছে তা ইতিমধ্যেই শোরগোল ফেলেছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক লড়াইয়ে এবার কার্যত দীর্ঘদিনের বাম বিরোধিতায় সুর নরম মমতা তৃণমূলের।

Post Comment