স্যালারি যদি ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে SIP-ও কি ১০ শতাংশ স্টেপ আপ প্রয়োজন?
কলকাতা: সাধারণত যাঁরা চাকরি করেন, তাঁদের বেতন প্রতি বছর বাড়তে থাকে। তবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি কারও বিনিয়োগের পরিমাণ যদি না বৃদ্ধি পায়, তাহলে দীর্ঘমেয়াদে যে কোনও আর্থিক লক্ষ্যে পৌঁছান কঠিন হতে পারে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে স্টেপ আপ এসআইপি।
আরও পড়ুন: ৪০ হোক বা ৬০ বছরে অবসর, ঠিক কতটা টাকার প্রয়োজন হবে আপনার?
কেন স্টেপ-আপ SIP গুরুত্বপূর্ণ?
ধরা যাক, কারও বার্ষিক বেতন ৫ লক্ষ টাকা থেকে ১০ বছরে বেড়ে ১৫ লক্ষ টাকা হল। এই সময়ে আয় বাড়ার সঙ্গে জীবনযাত্রার মান আগের থেকে উন্নত করা স্বাভাবিক। কিন্তু সঞ্চয় না বাড়ালে অবসরের সময়ে বর্তমান জীবনযাত্রা বজায় রাখার মতো পর্যাপ্ত অর্থ নাও থাকতে পারে।
স্টেপ-আপ SIP-তে প্রতি বছর নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট টাকার অঙ্কে মাসিক বিনিয়োগ বাড়ানো হয়। আয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ বাড়ালে দীর্ঘমেয়াদে বড় তহবিল গড়ার সুযোগ তৈরি হয়।
২৫ বছরে কত টাকা হতে পারে?
ধরা যাক, মাসে ১০ হাজার টাকা দিয়ে SIP শুরু করা হল। বিনিয়োগের মেয়াদ ২৫ বছর এবং প্রত্যাশিত বার্ষিক রিটার্ন ১২ শতাংশ। স্টেপ-আপ ছাড়া মোট বিনিয়োগ ৩০ লক্ষ টাকা। আনুমানিক মোট তহবিল ১ কোটি ৯০ লক্ষ টাকা।
প্রতি বছর যদি ৫ শতাংশ স্টেপ-আপ করা হয়, তাহলে মোট বিনিয়োগ গিয়ে দাঁড়ায় প্রায় ৫৭ লক্ষ ২৭ হাজার টাকায়। ২৫ বছর পর আনুমানিক তহবিল হতে পারে ২ কোটি ৭৩ লক্ষ টাকা। আর যদি প্রতি বছর ১০ শতাংশ স্টেপ-আপ করা হয়, তাহলে মোট বিনিয়োগ হয় প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা। ২৫ বছর পর আনুমানিক তহবিল গিয়ে দাঁড়ায় ৪ কোটি ২৮ লক্ষ টাকায়।
এই হিসাব অনুযায়ী, নিয়মিত বিনিয়োগ বাড়ালে দীর্ঘমেয়াদে তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে বেশি বিনিয়োগের পাশাপাশি মোট জমা টাকার পরিমাণও বাড়ে।
আরও পড়ুন: বেড়েছে সুদের হার, বেশি EMI দেওয়া ভাল নাকি বেশিদিন ধরে EMI দেওয়া ভাল?
বিনিয়োগের আগে কী মাথায় রাখবেন?
বেতন বাড়লেই পুরো বৃদ্ধির টাকা বিনিয়োগে দেওয়া প্রয়োজন নেই। সংসারের খরচ, জরুরি তহবিল, ঋণ এবং ভবিষ্যৎ আর্থিক লক্ষ্য বিবেচনা করে SIP বাড়ানো উচিত। মিউচুয়াল ফান্ড বাজারের ঝুঁকির অধীন; ১২ শতাংশ রিটার্ন নিশ্চিত নয়। প্রকৃত তহবিল বাজারের পারফরম্যান্সের উপর নির্ভর করবে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Post Comment