Assembly Election : আর মাত্র কয়েক ঘণ্টা! নদিয়ায় ভোটের চূড়ান্ত প্রস্তুতি, ৫১৩৬ বুথে ২০ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
Last Updated:
Assembly Election 2026 : নদিয়ায় ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ করা হয়েছে ১৭ জন জেনারেল অবসার্ভার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন পাঁচ জন পুলিশ অবসার্ভার, যাঁদের মধ্যে চারজন জেলার চারটি মহকুমায় দায়িত্ব পালন করবেন এবং একজন সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ : নদিয়া জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। জেলা প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থায় জোরদার নজর দেওয়া হয়েছে।
জেলায় মোট ভোটারের সংখ্যা ৩৯ লক্ষ ৫৪ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ লক্ষ ৫৫ হাজার ২৪ জন, মহিলা ভোটার ১৮ লক্ষ ৯৯ হাজার ৭৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭১ জন। তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য তৈরি করা হয়েছে মোট ৫১৩৬টি বুথ। এর মধ্যে সাধারণ বুথ ৩০০০, মহিলা পরিচালিত বুথ ১৪০০ এবং ১৮০০টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ১৬৬ জন। ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে ২৫ হাজারেরও বেশি ভোটকর্মী। নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়ে মোট ২০ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি এবং রানাঘাট পুলিশ জেলায় ১২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকবে।
ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ করা হয়েছে ১৭ জন জেনারেল অবসার্ভার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন পাঁচ জন পুলিশ অবসার্ভার, যাঁদের মধ্যে চারজন জেলার চারটি মহকুমায় দায়িত্ব পালন করবেন এবং একজন সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, যাতে তাঁরা নির্ভয়ে ভোটদান করেন। সব বুথে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে নদিয়া জেলায় গণতন্ত্রের এই মহোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুত।
Nadia,West Bengal




Post Comment