ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়! বেলদা-দাঁতনে অর্ণবের প্রভাব? গাছ উপড়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত… কোথায় কী পরিস্থিতি?

Last Updated:

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বেলদা ও দাঁতন ব্লকে তীব্র বিপর্যয় দেখা দেয়। ঝোড়ো হাওয়ার জেরে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

+

News18

বেলদা, রঞ্জন চন্দ: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে মঙ্গলবার দুপুরে ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুরের বেলদা ও দাঁতন এলাকার জনজীবন। একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটো উল্টে গিয়েছে, আবার কোথাও উড়ে গিয়েছে কাঁচা বাড়ির ছাউনি। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া এবং তার ছিঁড়ে পড়ার ঘটনায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে আচমকাই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। আকাশ কালো করে ধেয়ে আসে ঝোড়ো হাওয়া। বেলদা ও দাঁতনের সংযোগকারী একাধিক রাস্তায় গাছের ডাল ভেঙে পড়ে। এর জেরে যান চলাচলে সমস্যা তৈরি হয়। দৈনন্দিন কাজে বেরিয়ে ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। ঝড়ের দাপটে কয়েকটি জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায় এবং হাইভোল্টেজ তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। দুর্ঘটনা এড়াতে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।

ঝড়ে কৃষিক্ষেত্রেও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বেলদা ও দাঁতনের বিভিন্ন এলাকায় ধানখেত এবং আনাজের জমির ক্ষতি হয়ে থাকতে পারে বলে মনে করছেন চাষিরা। পাশাপাশি, গ্রামীণ এলাকায় টিন ও অ্যাসবেস্টসের চাল উড়ে যাওয়ার খবরও মিলেছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সামনে আসেনি। ঝড়ের দাপট কিছুটা কমতেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে ভেঙে পড়া ডালপালা সরিয়ে যাতায়াত স্বাভাবিক করার চেষ্টা শুরু করেন। বিপজ্জনক অবস্থায় পড়ে থাকা গাছ ও বিদ্যুতের তার সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে নজর দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Post Comment

You May Have Missed