Jio IPO : শেয়ার বাজারে পা রেখেই বড় চমক দিতে পারে জিও! বাজার মূলধনে এয়ারটেলকে টপকে দ্বিতীয় স্থানে ওঠার সম্ভাবনা
বর্তমান প্রিমিয়ামের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, তালিকাভুক্তির পর জিও প্ল্যাটফর্মসের বাজার মূলধন প্রায় ১২.৬১ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে। সেই হিসাব বাস্তবায়িত হলে জিও কিন্তু ভারতী এয়ারটেলকে পিছনে ফেলে দিতে পারে।
মঙ্গলবার এনএসইতে ভারতী এয়ারটেলের শেয়ার ১,৯৭৮.৮০ টাকায় বন্ধ হয়েছিল। সেই সময় সংস্থার বাজার মূলধন ছিল প্রায় ১২.৩৫ লক্ষ কোটি টাকা। জিওকে এয়ারটেলের উপরে উঠে আসতে হলে অন্তত ১,৩৪২ টাকা দরে তালিকাভুক্ত হতে হবে।
জিওর আইপিওর ইস্যু মূল্য ছিল শেয়ারপ্রতি ১,১১৯ টাকা। তালিকাভুক্তির আগে গ্রে মার্কেটে সংস্থার শেয়ার ইস্যু মূল্যের তুলনায় প্রায় ২৪৫ থেকে ২৫৫ টাকা প্রিমিয়ামে লেনদেন হচ্ছে বলে দাবি করা হয়েছে।
গড়ে ২৫০ টাকা প্রিমিয়াম ধরলে জিওর সম্ভাব্য তালিকাভুক্তির মূল্য দাঁড়াতে পারে ১,৩৬৯ টাকা। এই দরে তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীরা প্রায় ২২ শতাংশ লিস্টিং গেইন পেতে পারেন। একইসঙ্গে সংস্থার বাজার মূলধন ১২.৬১ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে।
মনে রাখতে হবে, গ্রে মার্কেট প্রিমিয়াম কোনও আনুষ্ঠানিক সূচক নয়। এটি বিনিয়োগকারীদের মনোভাবের একটি আনুমানিক ইঙ্গিত মাত্র। এর ভিত্তিতে প্রকৃত তালিকাভুক্তির দাম নিশ্চিতভাবে বলা যায় না।
অনুমান সত্যি হলে দেশের সর্বাধিক বাজার মূলধনসম্পন্ন পাঁচটি সংস্থার তালিকায় বড় পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য তালিকাটি এমন হতে পারে:
১. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ: প্রায় ১৬.১৯ লক্ষ কোটি টাকা
২. জিও প্ল্যাটফর্মস: প্রায় ১২.৬১ লক্ষ কোটি টাকা
৩. ভারতী এয়ারটেল: প্রায় ১২.৩৫ লক্ষ কোটি টাকা
৪. এইচডিএফসি ব্যাঙ্ক: প্রায় ১০.৪৯ লক্ষ কোটি টাকা
এই পরিস্থিতিতে ভারতী এয়ারটেল তৃতীয় স্থানে নেমে যেতে পারে। অন্যদিকে, জিও প্ল্যাটফর্মস দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে। শীর্ষ পাঁচের তালিকা থেকে বাদ পড়তে পারে টিসিএস।
এই সম্ভাব্য রদবদলের প্রভাব পড়তে পারে টাটা গোষ্ঠীর তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস বা টিসিএসের উপরেও। মঙ্গলবারের বাজারদর অনুযায়ী, টিসিএসের বাজার মূলধন ছিল প্রায় ৯.০৩ লক্ষ কোটি টাকা। জিওর বাজার মূলধন প্রত্যাশা অনুযায়ী বাড়লে টিসিএস ষষ্ঠ স্থানে নেমে যেতে পারে। সেক্ষেত্রে দেশের শীর্ষ পাঁচটি সর্বাধিক বাজার মূলধনসম্পন্ন সংস্থার তালিকায় টাটা গোষ্ঠীর কোনও সংস্থাই থাকবে না।
তবে এই সমস্ত হিসাবই সম্ভাব্য তালিকাভুক্তির মূল্য ও বাজার মূলধনের অনুমানের উপর নির্ভরশীল। জিওর প্রকৃত তালিকাভুক্তির দাম এবং তার পরবর্তী বাজারদরই শেষ পর্যন্ত নির্ধারণ করবে দেশের শীর্ষ সংস্থাগুলির তালিকায় কী পরিবর্তন হয়!
Post Comment