প্রি-ওয়েডিং শুটে যাচ্ছিলেন যুবক-যুবতী, আচমকা বিকট শব্দ! ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা..
Last Updated:
মৃতদের নাম সুদেব ঘোষ (২৮), শেখ নওয়াজ (২৬) এবং সাধুজামাল শাহ (৪৩)। সুদেবের বাড়ি মশাগ্রাম স্টেশন বাজার এলাকায়। শেখ নওয়াজ কমলসায়র এলাকার বাসিন্দা। অন্যদিকে, বাইকচালক সাধুজামাল শাহের বাড়ি ওড়গ্রাম এলাকায়।
পূর্ব বর্ধমান: প্রি-ওয়েডিং ছবির শুট করতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন হবু বর ও কনে। তবে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন আরও চার জন। মঙ্গলবার দুপুরে বর্ধমান-সিউড়ি ১১৪এ জাতীয় সড়কের ঝর্ণা মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাস্তার সামনে আচমকা একটি ছাগল চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চারচাকা গাড়ির চালক। এরপর উল্টোদিক থেকে আসা একটি মোটরবাইকে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি।
মৃতদের নাম সুদেব ঘোষ (২৮), শেখ নওয়াজ (২৬) এবং সাধুজামাল শাহ (৪৩)। সুদেবের বাড়ি মশাগ্রাম স্টেশন বাজার এলাকায়। শেখ নওয়াজ কমলসায়র এলাকার বাসিন্দা। অন্যদিকে, বাইকচালক সাধুজামাল শাহের বাড়ি ওড়গ্রাম এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়রাপুর এলাকা থেকে ছয় জন একটি চারচাকা গাড়িতে করে প্রি-ওয়েডিং শুটের জন্য বোলপুরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে, গুসকরা থেকে মোটরবাইকে করে বর্ধমানের দিকে আসছিলেন সাধুজামাল শাহ। ঝর্ণা মোড়ের কাছে আচমকা রাস্তার সামনে একটি ছাগল চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চারচাকা গাড়ির চালক। এরপর বাইকটিকে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হাত লাগান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতাড় থানার পুলিশ ও ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকাজ।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে কয়েক জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চার জনকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Post Comment