Coriander Cultivation: বাজার থেকে আর কিনতে হবে না! বাড়িতে টবেই চাষ করতে পারেন ধনেপাতা, জানুন সহজ পদ্ধতি
Last Updated:
Coriander Cultivation: প্রায় সকলেই বাজার থেকে টাকা দিয়ে ধনেপাতা কেনেন। তবে আপনি কি জানেন, বাড়িতেও খুব সহজে ধনেপাতা চাষ করা যায়। জানুন সেই খুঁটিনাটি।
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরঃ রান্নায় ধনেপাতা খেতে পছন্দ করেন বহু মানুষ। সেই কারণে বাজার থেকে টাটকা ধনেপাতা কিনেও আনেন তাঁরা। তবে আপনি কি জানেন, বাড়িতে টবের মধ্যে খুব সহজেই ধনেপাতা চাষ করা যায়। সেক্ষেত্রে সহজ পদ্ধতি ঠিকভাবে মেনে চললেই কেল্লাফতে।
জানা যায়, বাড়ির উঠোন অথবা টবে বীজ ফেলে চাষ করলে প্রায় সারা বছরই ধনেপাতা পাওয়া যায়। সব রকমের মাটিতে এই চাষ সম্ভব। তবে ধনেপাতা চাষের জন্য সবচেয়ে উপযোগী বেলে দো-আঁশ থেকে এঁটেল দো-আঁশ মাটি। মূলত আশ্বিন থেকে পৌষ তথা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি ধনেপাতা চাষ হয়।
কালিয়াগঞ্জের এক ধনেপাতা চাষি জানান, ধনেপাতা গাছ লাগানোর জন্য প্রথমে ভাল মানের বীজ কিনতে হবে। সেই বীজ যদি ২৪ ঘণ্টা ন্যাকড়ায় জড়িয়ে ভিজিয়ে রাখা হয়, তাহলে তাড়াতাড়ি গজাবে।
তিনি জানান, ধনেপাতা চাষের জন্য চওড়া মুখ বিশিষ্ট টব নির্বাচন করা উচিত। সেই টবের ৩-৪ সেন্টিমিটার ভিতরে বীজ বুনে দিয়ে ফের মাটি দিয়ে ঢেকে সেচ দিতে হবে। মাটি যদি ভিজে থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো ইউরিয়া, এমপি, টিএসপি এবং গোবর সার প্রয়োগ করা যেতে পারে। তবে মাটিতে যদি রস না থাকে, তাহলে ২/১ দিন পর পর জল সেচ দিতে হবে।
এখানেই শেষ নয়! বীজ বোনার পর সেগুলি যাতে পিঁপড়ে না খেয়ে ফেলে সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গেই পাতা হওয়ার পর পাখি যাতে না খায় সেটাও সুনিশ্চিত করতে হবে। গাছ খুব ঘন হয়ে গেলে তা তুলে পাতলা করে দিতে হবে এবং গাছ বেশি বড় হওয়ার আগে তা তুলে ফেলতে হবে।
Uttar Dinajpur,West Bengal
May 17, 2026 12:10 PM IST




Post Comment