West Bengal 2026 Assembly Election Results News : কৃষক পরিবারের ছেলে থেকে বিধায়ক, জলধর মাহাতোর আবেগঘন জয়!
Last Updated:
সংগ্রাম থেকে সাফল্য, ৪০ বছরেই বিধায়ক জলধর মাহাতো।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন পুরুলিয়া জেলাজুড়ে কার্যত গেরুয়া ঝড়। জেলার ৯টি বিধানসভা আসনের সবকটিতেই জয়লাভ করে একক আধিপত্য প্রতিষ্ঠা করল বিজেপি। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বলরামপুর, জয়পুর, পুরুলিয়া ও বাঘমুন্ডি এই চারটি বিধানসভা কেন্দ্রের গণনা সম্পন্ন হয়। শুরু থেকেই এই কেন্দ্রগুলিতে বিজেপি প্রার্থীরা এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করেন। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা এলাকা। আবির খেলায় মেতে ওঠেন সমর্থকরা, বাজি ফাটিয়ে ও মিষ্টি বিতরণ করে উদযাপন করা হয় এই জয়।
বিশেষভাবে নজর কেড়েছেন বলরামপুর বিধানসভার নবনির্বাচিত বিজেপি প্রার্থী জলধর মাহাতো। সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা এই ৪০ বছর বয়সী নেতা প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়ে আবেগে ভেঙে পড়েন। জয়ের খবর ঘোষণা হতেই চোখে জল নিয়ে সমর্থকদের অভিনন্দন গ্রহণ করেন তিনি। তাঁর এই সাফল্যের পিছনে দীর্ঘদিনের লড়াই ও সংগ্রামের গল্প রয়েছে।
এ বিষয়ে বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতো জানান, “এই প্রথম আমি বিধায়ক হলাম, খুবই ভাল লাগছে। এই জয় শুধু আমার নয়, বলরামপুরের মানুষের জয়। আগামী দিনে এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করব।”
পুরুলিয়ায় বিজেপির এই ঐতিহাসিক ফলাফল আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
May 04, 2026 10:46 PM IST



Post Comment