৭টি ক্লাস্টারের জন্য পৃথক মনিটরিং টেবিল, বিশেষ ম্যাপে মিলবে সঙ্কেত; দ্বিতীয় দফায় কী কী ব্যবস্থা
পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : দ্বিতীয় দফার ভোটের আগে নিউটাউনে কন্ট্রোলরুম খোলা হল কেন্দ্রীয় বাহিনীর তরফে। এই কন্ট্রোলরুম থেকেই নজরদারি চালানো হবে ১৪২ টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। Election 2026
মোটের ওপর প্রথম দফা মিটেছে নির্বিঘ্নেই। এবার দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে ভোট শান্তিপূর্ণ করানোর চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর তরফেও সেরে ফেলা হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। নিউটাউনে খোলা হয়েছে কন্ট্রোলরুম। ১৪২ টি বিধানসভা কেন্দ্রকে ৭টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা মনিটরিং টেবিল। অর্থাৎ, কেন্দ্রীয়বাহিনী যারা একেবারে ফিল্ডে নেমে এই নির্বাচনের নিরাপত্তা দেখবে, তাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুম এখানে। অর্থাৎ, কোন জায়গার কী পরিস্থিতি রয়েছে, গ্রাউন্ড রিপোর্ট কী রয়েছে, তার সামগ্রিক তথ্য এখানে জোগান দেওয়া হবে। এখানে সমস্ত বিভাগের যেমন- SSB, ITBP, CRPF, BSF, CISF-এর সিনিয়র অফিসাররা ভোটের দিন থাকবেন। West Bengal Second Phase Election 2026
ঠিক কোন এলাকা থেকে অভিযোগ আসছে, এর জন্য বিশেষ ম্যাপে আসবে সঙ্কেত। দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ। প্রতিটি বুথে থাকবে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। যেখানে ৩ টি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৫ টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন। বারাসাত পুলিশ জেলায় মোতায়েন থাকছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় থাকবে ৬২ কোম্পানি, বিধাননগরে ৫০ কোম্পানি, ব্যারাকপুরে ১৬০ কোম্পানি, ডায়মন্ড হারবারে ১৩৪, বারুইপুরে ১৬১ কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেল ১৪৭ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি, পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি এবং কলকাতায় মোতায়েন থাকবে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যেই নিউ মার্কেট এলাকায় বাইকে করে নাইট পেট্রোলিং করেছে কেন্দ্রীয় বাহিনী।
রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। কাল ২৯ এপ্রিল, বুধবার হবে শেষ দফার এই ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্বে ভোট রয়েছে – পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়। এই দফায়ও নির্বিঘ্নে ভোট করার চ্যালেঞ্জ কমিশনের।



Post Comment