দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত, কাল কত জন ভোট দিতে পারবেন স্পষ্ট নয়

দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত, কাল কত জন ভোট দিতে পারবেন স্পষ্ট নয়

কলকাতা: রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে নির্বাচন হতে চলেছে। আর তার আগে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তিল হওয়া ভোটারদের তালিকা প্রকাশিত হল। নিজেদের ওয়েবসাইটে নিষ্পত্তি হয়ে যাওয়াদের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু ট্রাইব্যুনালে চিহ্নিত কতজন বৈধ ভোটার দ্বিতীয় দফা ভোট দিতে পারবেন, নির্দিষ্ট ভাবে কোনও সংখ্যা জানানো হয়নি। (West Bengal Election Phase 2)

বুধবার দ্বিতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ রয়েছে। কিন্তু ট্রাইব্যুনালে বিচারাধীন ছিলেন যাঁরা, তাঁদের মধ্যে কত জন ভোট দিতে পারবেন, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া কত জনের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে, কত জন কাল ভোট দিতে পারবেন, স্পষ্ট ভাবে কোনও সংখ্যা জানায়নি কমিশন। ফলে ধন্দ তৈরি হয়েছে। (Bengal SIR List News)

আরও পড়ুন: কবর খুঁড়ে বোনের কঙ্কাল তুলে আনলেন, কাঁধে নিয়ে সটান ব্যাঙ্কে পৌঁছলেন দাদা, ১৯৩০০ টাকার জন্য, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার নির্বাচনে নিরাপত্তা আঁটোসাটো রাখতে আরও পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। প্রথম দফার নির্বাচনের দায়িত্বে থাকা ২৬ জন পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে দ্বিতীয় দফায়। ব্যারাকপুরে নিয়ে আসা হয়েছে অতিরিক্ত ৪ জন পুলিশ অফিসারকে। ডায়মন্ডহারবারে অতিরিক্ত ৩ জন পুলিশ অফিসার নিয়োগ করেছে কমিশন। হাওড়া-কৃষ্ণনগরে ১ জন, বারাসাত-বসিরহাট-বারুইপুরে অতিরিক্ত ২ জন পুলিশ অফিসার,পূর্ব বর্ধমান, চন্দননগর, হাওড়া গ্রামীণ, হাওড়া শহরে নিয়োগ অতিরিক্ত ২ জন পুলিশ অফিসার এবং সুন্দরবন ও বনগাঁয় অতিরিক্ত ১ জন পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: বুধবার দ্বিতীয় দফায় ভোটের আগে বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করল কেন্দ্রীয় বাহিনী

শেষদফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে পারবে তো কমিশন, এই প্রশ্নই উঠছে এই মুহূর্তে। তবে দ্বিতীয় দফার ভোট নিয়ে আরও কড়া  কমিশন। 
প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশও। নিউটাউনে রয়েছে স্পেশাল কন্ট্রোল রুম। প্রতিটি বুথে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকছে। যেখানে তিনটি বুথ, সেখানে থাকবে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী পাঁচটি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে ২ সেকশন। কলকাতায় ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ব্যারাকপুরে ১৬০, ডায়মন্ড হারবারে ১৩৪, বারুইপুরে ১৬১, পূর্ব বর্ধমানে ২৬০ এবং বনগাঁয় ৬২ কোম্পানি।

বুধবার দ্বিতীয় দফায় ভোটের আগে বিশেষ হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে কেন্দ্রীয় বাহিনী। ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফের আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। ভোটের দিন কোনও সমস্যা হলে বা অভিযোগ থাকলে হেল্পলাইন নম্বরে জানানো যাবে। দুটো মোবাইল ও একটি ল্যান্ড লাইন নম্বর দেওয়া হয়েছে। মোবাইল নম্বর দুটি হল- ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ ও ল্যান্ড লাইন নম্বরটি হল- ০৩৩২৩৬৭১১১৭। 

Post Comment

You May Have Missed