পয়লা জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট ফি, কোন ক্ষেত্রে কত টাকা লাগবে? জানুন নতুন তালিকা

পয়লা জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট ফি, কোন ক্ষেত্রে কত টাকা লাগবে? জানুন নতুন তালিকা

Business

-Ritesh Ghosh

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল পাসপোর্ট। তবে এবার ভারতীয় নাগরিকদের জন্য পাসপোর্ট তৈরির খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। আগামী ১ জুলাই থেকে নতুন পাসপোর্ট তৈরি বা পুরনো পাসপোর্ট পুনর্নবীকরণ (রিস্যু)—উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের অতিরিক্ত ফি দিতে হবে। দীর্ঘ প্রায় ১৪ বছর পর ভারতীয় পাসপোর্টের এই ফি সংশোধন করা হল।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জারি করা নোটিফিকেশন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য ৩৬ পাতার একটি সাধারণ নতুন পাসপোর্ট তৈরির খরচ এখনকার তুলনায় প্রায় ১ হাজার টাকা বাড়ানো হয়েছে। আগে যেখানে সরকারি ফি হিসেবে ১,৫০০ টাকা দিতে হতো, আগামী ১ জুলাই থেকে সেখানে ২,৫০০ টাকা গুণতে হবে। একইভাবে তৎকাল স্কিমের অধীনেও আবেদনের খরচ বাড়ছে উল্লেখযোগ্যভাবে।

Indian passport fee hike announcement 2026

পাসপোর্ট আইন, ১৯৬৭-এর ধারা ২৪-এর অধীনে গত ২০ জুন এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পাসপোর্ট (সংশোধন) বিধিমালার অংশ হিসেবে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে শেষবার ২০১২ সালে পাসপোর্টের ফি সংশোধন করা হয়েছিল। সম্প্রতি সরকারিভাবে জানানো হয়েছে যে পাসপোর্ট মূলত একটি ভ্রমণ নথি, কোনও নাগরিকত্বের প্রমাণ নয়। ঠিক তার পরদিনই এই ফি বৃদ্ধির খবর সামনে এল।

প্রাপ্তবয়স্ক ও নাবালকদের জন্য নতুন ফি তালিকা

নতুন এই নিয়মের ফলে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ৩৬ পাতার পাসপোর্টের জন্য সাধারণ স্কিমে খরচ পড়বে ২,৫০০ টাকা। তবে কেউ যদি দ্রুত পাসপোর্ট পেতে চান এবং তৎকাল স্কিমে আবেদন করেন, তাহলে তাঁকে ৫,০০০ টাকা দিতে হবে, যা আগে ছিল ৩,৫০০ টাকা। এছাড়া যাঁরা বেশি যাতায়াত করেন, তাঁদের জন্য প্রয়োজনীয় ৬০ পাতার পাসপোর্টের ফি সাধারণ ক্যাটেগরিতে ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ টাকা এবং তৎকালে ৪,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬,০০০ টাকা করা হয়েছে।

নাবালকদের ক্ষেত্রেও পাসপোর্টের চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৮ বছরের কম বয়সীদের জন্য নতুন বা পুনরায় ইস্যু করা ৩৬ পাতার পাসপোর্টের সাধারণ ফি হবে ১,৭৫০ টাকা। অন্যদিকে নাবালকদের জন্য তৎকাল স্কিমের ক্ষেত্রে এই ফি ধার্য করা হয়েছে ৪,২৫০ টাকা। দেশজুড়ে হওয়া সমস্ত ধরনের নতুন আবেদনের ওপর এই বর্ধিত হার সমানভাবে প্রযোজ্য হবে।

নষ্ট বা হারিয়ে যাওয়া পাসপোর্টের হ্যাপা আরও মহার্ঘ

আপনার পাসপোর্ট যদি কোনও কারণে হারিয়ে বা নষ্ট হয়ে যায়, তবে নতুন করে বিকল্প নথি পাওয়ার খরচ এখন অনেকটাই বেশি। ৩৬ পাতার রিপ্লেসমেন্ট বা ডুপ্লিকেট পাসপোর্টের জন্য সাধারণ ক্যাটেগরিতে ৫,০০০ টাকা এবং তৎকালে ৭,৫০০ টাকা ব্যয় করতে হবে। আর ৬০ পাতার ডুপ্লিকেট পাসপোর্টের ক্ষেত্রে এই খরচ সাধারণে ৬,০০০ টাকা এবং তৎকাল বিভাগে ৮,৫০০ টাকা পর্যন্ত পৌঁছবে।

নাবালকদের ক্ষেত্রে হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পাসপোর্ট পুনরায় পেতে সাধারণ ক্যাটেগরিতে ৪,২৫০ টাকা ও তৎকালে ৬,৭৫০ টাকা খরচ করতে হবে। শুধু মূল পাসপোর্ট আবেদনই নয়, এর পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের খরচও প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাড়িয়ে দেওয়া হয়েছে এই সংশোধিত নিয়মের মাধ্যমে।

অন্যান্য পরিষেবা ও শংসাপত্রের নতুন খরচ

পাসপোর্ট ছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি), সারেন্ডার সার্টিফিকেট এবং গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম (জিইপি) যাচাইকরণের মতো অন্যান্য আনুসঙ্গিক পরিষেবার ফিও বাড়ানো হয়েছে। ভারতে এই ধরনের প্রতিটি সার্টিফিকেটের জন্য এখন থেকে ৭৫০ টাকা দিতে হবে। দেশের বাইরে বা বিদেশে বসবাসকারী ভারতীয়দের ক্ষেত্রে এই কাজের খরচ হবে ৪০ মার্কিন ডলার যা ভারতীয় টাকায় ৩৮০০ টাকার কাছাকাছি।

এর পাশাপাশি, পরিচয়পত্রের শংসাপত্র তথা ‘সার্টিফিকেট অফ আইডেন্টিটি’ পেতে ভারতে খরচ করতে হবে ১,০০০ টাকা এবং বিদেশে ৫০ মার্কিন ডলার। আপতকালীন পরিস্থিতিতে বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ‘ইমার্জেন্সি সার্টিফিকেট’ ভারতে নিখরচায় পাওয়া গেলেও, বিদেশের মাটিতে ভারতীয়দের জন্য এর জন্য ১৫ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।

এক নজরে পাসপোর্টের সংশোধিত ফি তালিকা

আবেদনের ধরন বা বিভাগ সাধারণ স্কিমে নতুন ফি (টাকায়) তত্কাল স্কিমে নতুন ফি (টাকায়)
প্রাপ্তবয়স্ক (৩৬ পাতা – নতুন/রিস্যু) ২,৫০০ ৫,০০০
প্রাপ্তবয়স্ক (৬০ পাতা – নতুন/রিস্যু) ৩,৫০০ ৬,০০০
নাবালক (৩৬ পাতা – নতুন/রিস্যু) ১,৭৫০ ৪,২৫০
পাসপোর্ট হারিয়ে/নষ্ট হলে (৩৬ পাতা ডুপ্লিকেট) ৫,০০০ ৭,৫০০
পাসপোর্ট হারিয়ে/নষ্ট হলে (৬০ পাতা ডুপ্লিকেট) ৬,০০০ ৮,৫০০
নাবালকদের ডুপ্লিকেট পাসপোর্ট ৪,২৫০ ৬,৭৫০

দীর্ঘ ১৪ বছর পর এই প্রথম ফি বৃদ্ধি

এর আগে সর্বশেষ ২০১২ সালে পাসপোর্টের ফি বাড়ানো হয়েছিল। সে সময় ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের আবেদন মূল্য ১,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল ১,৫০০ টাকা এবং তৎকাল ফি ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ টাকা করা হয়। দীর্ঘ জল মাপার পর পরিকাঠামো ও পরিষেবা উন্নত করার যুক্তিতে পুনরায় এই মূল্যবৃদ্ধির পথে হাঁটল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

১ জুলাই কিংবা তারপর থেকে যাঁরা পাসপোর্ট পরিষেবার জন্য আবেদন জমা করতে চলেছেন, তাঁদের প্রত্যেককেই এই নতুন বর্ধিত ফি কাঠামো অনুযায়ী অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তাই আপনি যদি নতুন উপায়ে বা জরুরি ভিত্তিতে পাসপোর্ট বানানোর পরিকল্পনা করে থাকেন, তবে বুকিং করার আগেই এই নতুন হিসাব মাথায় রাখা অত্যন্ত জরুরি।

Post Comment

You May Have Missed