পন্টিং, বর্ডারের সঙ্গে এলিট লিস্টে নাম লেখালেন স্মিথ, টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন মাইলস্টোন

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সেই টেস্টেই নতুন নজির গড়লেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে ১১ হাজার রান পূরণ করলেন অজি ব্যাটার। তাঁর আগে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন ২ বিশ্বজয়ী অজি অধিনায়ক অ্য়ালান বর্ডার ও রিকি পন্টিং। ২ কিংবদন্তির সঙ্গে এবার সেই একই তালিকায় স্টিভ স্মিথও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৮৮ বলে ২৮ রান করেছিলেন স্টিভ স্মিথ। নিজের ইনিংসে ২টো বাউন্ডারিও হাঁকিয়েছিলেন স্মিথ। ১২তম প্লেয়ার হিসেবে টেস্টে ১১ হাজার রান করার নজির গড়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্য়ে টেস্টে সর্বাধিক রানের তালিকায় সবার ওপরে রয়েছেন রিকি পন্টিং। ১৩৩৭৮ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালান বর্ডার। তাঁর ঝুলিতে টেস্টে রয়েছে ১১,১৭৪ রান।

 

শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক কুমার সাঙ্গাকারা সবচেয়ে কম ২০৮ ইনিংসে টেস্টে ১১ হাজার রান পূরণ করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা। তিনি মোট ২১৩ ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন। পন্টিং ২২২ ইনিংসে ও স্মিথ ২২৬ ইনিংসে টেস্টে ১১ হাজার রান পূরণ করেছিলেন।

রঞ্জিতে ৪০০ রানের ইনিংস খেললেন চিন্ময়
ভারতে ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে নজির গড়লেন চিন্ময় সুতার। মুম্বইয়ের ২৯ বছরের ক্রিকেটার এখন খেলেন মিজোরামের হয়ে। নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে নজির গড়লেন। ১৯৪৮-৪৯ মরশুমে পুণেতে কাঠিয়াওয়ারের বিরুদ্ধে মহারাষ্ট্রের হয়ে অপরাজিত ৪৪৩ রান করেছিলেন ভাউসাহেব নিম্বালকর। তাঁর ৭৮ বছর পরে ফের রঞ্জি ট্রফিতে কেউ চারশো করলেন। সুতার ৪০০ রানে অপরাজিত থাকার সময় ৫৮১/৯ স্কোরে ইনিংস ডিক্লেয়ার দেয় মিজোরাম। গোটা বিশ্বে প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র দশম ক্রিকেটার হিসাবে চারশো রান করলেন চিন্ময়। নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমেই বিরল নজির তাঁর। আগের ম্যাচে মণিপুরের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ৫১৭ বলে অপরাজিত ৪০০ রান। চিন্ময় বলেছেন, ‘আমি যখন ব্যাটিং করছিলাম, আমার এ নিয়ে কোনও ধারণাই ছিল না। ৫৮১/৯ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করার পর আমি জানতে পারি।’ 



Post Comment

You May Have Missed