ভারতে কানাডার বড় পদক্ষেপ! IIT তিরুপতি ও OneIndia-র সঙ্গে Deepspatial-এর চুক্তি, কী সুবিধা পাবেন পড়ুয়ারা?

News

oi-Oneindia Staff

কানাডার জিও-AI সংস্থা Deepspatial ভারতে নিজেদের প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে IIT তিরুপতি ইনোভেশন হাব এবং ডিজিটাল সংবাদমাধ্যম OneIndia-র সঙ্গে দু’টি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হল স্পেশিয়াল AI প্রযুক্তিতে গবেষণা, দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার এবং পড়ুয়াদের মধ্যে সংবাদমাধ্যম সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।

Deepspatial Signs Agreements with IIT Tirupati and OneIndia to Benefit Students

১৬ অক্টোবর ২০২৬-এ বেঙ্গালুরুতে কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুর উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রায় ৩০০ জন কানাডীয় প্রতিনিধিকে নিয়ে ভারতে এসেছিলেন তিনি। এই সফরে ভারত ও কানাডার বিভিন্ন সংস্থার মধ্যে মোট ৩৪টি ব্যবসায়িক চুক্তি, অংশীদারিত্ব ও বিনিয়োগ সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার তথ্য অনুযায়ী, এই চুক্তিগুলির আনুমানিক মোট মূল্য প্রায় ৩০ কোটি কানাডীয় ডলার।

কী উদ্দেশ্যে এই দু’টি চুক্তি?

Deepspatial-এর এই দু’টি চুক্তির মূল লক্ষ্য প্রযুক্তিগত উদ্ভাবন ও শিক্ষার প্রসার। প্রথম চুক্তিটি হয়েছে IIT তিরুপতির টেকনোলজি ইনোভেশন হাব, IIT তিরুপতি নবাবিষ্কার আই-হাব ফাউন্ডেশন (IITTNiF)-এর সঙ্গে। দ্বিতীয় চুক্তিটি হয়েছে গ্রেনিয়াম ইনফরমেশন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে, যারা OneIndia পরিচালনা করে।

প্রথম চুক্তি: IIT তিরুপতির সঙ্গে স্পেশিয়াল AI নিয়ে গবেষণা

এই অংশীদারিত্বের আওতায় দু’টি সংস্থা জিওস্পেশিয়াল প্রযুক্তি, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS), পজিশনিং সিস্টেম এবং স্পেশিয়াল AI নিয়ে একসঙ্গে কাজ করবে। যৌথ গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন, দক্ষ কর্মী তৈরি, নতুন প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার, স্টার্টআপকে সহায়তা এবং শিল্পক্ষেত্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোর উপর জোর দেওয়া হবে।

দ্বিতীয় চুক্তি: OneIndia-র মাধ্যমে পড়ুয়াদের কাছে পৌঁছবে খবর

এই চুক্তির আওতায় OneIndia-র দৈনন্দিন খবর ও সাম্প্রতিক ঘটনাবলি সংক্রান্ত বিষয়বস্তু Deepspatial-এর শিক্ষামূলক প্ল্যাটফর্ম edskExpress-এ পাওয়া যাবে।

এর উদ্দেশ্য পড়ুয়াদের নির্ভরযোগ্য সাংবাদিকতার সঙ্গে পরিচিত করা। পাশাপাশি, খবরের সত্যতা যাচাই করা, কোনও ঘটনার পিছনের কারণ বোঝা, তথ্য নিয়ে প্রশ্ন তোলা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে।

IIT তিরুপতিতে কী ভাবে এগোবে স্পেশিয়াল AI গবেষণা?

IITTNiF-এর সঙ্গে চুক্তির অন্যতম উদ্দেশ্য হল গবেষক, পড়ুয়া এবং নতুন প্রজন্মের পেশাদারদের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে হাতে-কলমে কাজ করার সুযোগ দেওয়া।

এই উদ্যোগের অংশ হিসেবে Deepspatial-এর আন্তর্জাতিক জিও-AI মেন্টরশিপ প্রোগ্রাম Xploor, SPIN Labs নেটওয়ার্কের মাধ্যমে চালু করা হবে। এর সাহায্যে পড়ুয়া ও নতুন পেশাদাররা জিও-AI, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান নিয়ে কাজ করার সুযোগ পাবেন।

বিশেষ গুরুত্ব দেওয়া হবে লোকেশন ইন্টেলিজেন্স বা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার প্রযুক্তির উপর।

এই চুক্তিতে স্বাক্ষর করেন IITTNiF-এর টেকনোলজি ইনোভেশন হাবের প্রজেক্ট ডিরেক্টর ডঃ রোশন কে. শ্রীবাস্তব এবং Deepspatial-এর প্রতিষ্ঠাতা ও CEO ডঃ রাহুল কুশওয়াহ।

ডঃ রোশন কে. শ্রীবাস্তবের মতে, গবেষণা, উদ্ভাবন ও শিল্পক্ষেত্রকে একসঙ্গে যুক্ত করে কার্যকর জিওস্পেশিয়াল এবং স্পেশিয়াল AI সমাধান তৈরি করাই এই অংশীদারিত্বের লক্ষ্য। এর ফলে ভারত ও কানাডার মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি, নতুন প্রযুক্তির উন্নয়ন ও বাণিজ্যিক ব্যবহার বাড়ানোর সঙ্গে স্টার্টআপ, গবেষক এবং তরুণ উদ্ভাবকদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে।

OneIndia ও edskExpress-এর চুক্তিতে কী সুবিধা হবে পড়ুয়াদের?

দ্বিতীয় চুক্তির ফলে OneIndia-র খবর এবং সাম্প্রতিক ঘটনাবলি সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন Deepspatial-এর edskExpress প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এর মাধ্যমে পড়ুয়ারা বাস্তব জীবনের নানা ঘটনা সম্পর্কে জানতে পারবেন এবং খবরের বিষয়বস্তু আরও ভালো ভাবে বুঝতে পারবেন।

এই উদ্যোগের তিনটি প্রধান লক্ষ্য রয়েছে।

  • নির্ভরযোগ্য খবরের নাগাল: প্রতিদিনের খবর ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে পড়ুয়াদের তথ্য দেওয়া।
  • মিডিয়া লিটারেসি ও সমালোচনামূলক চিন্তাভাবনা: খবর মন দিয়ে পড়া, তথ্যের সত্যতা যাচাই করা এবং বিভিন্ন ঘটনা নিয়ে যুক্তিসঙ্গত প্রশ্ন করতে উৎসাহ দেওয়া।
  • নিজেদের এলাকার খবর তুলে ধরার সুযোগ: পড়ুয়াদের নিজেদের সমাজ ও এলাকার সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরি করতে উৎসাহিত করা।

এই চুক্তিতে স্বাক্ষর করেন OneIndia-র CEO রবনন এন. এবং Deepspatial-এর CEO ডঃ রাহুল কুশওয়াহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন OneIndia-র কনটেন্ট স্ট্র্যাটেজি ও মনিটাইজেশনের সিনিয়র ডিরেক্টর জেমস পি. জে. এবং Deepspatial-এর CMO সৌরভ ত্যাগী।

OneIndia-র CEO রবনন এন. বলেন, নির্ভরযোগ্য খবর শুধু সংবাদমাধ্যমের দফতরেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, তা শ্রেণিকক্ষেও পৌঁছনো প্রয়োজন। সমাজে কী কী ভালো কাজ হচ্ছে এবং পরিবর্তন আনার পিছনে কারা রয়েছেন, তা জানার সুযোগ পড়ুয়াদের পাওয়া উচিত।

তাঁর মতে, edskExpress-এর সঙ্গে এই উদ্যোগের মূল ভাবনা হল পড়ুয়ারা যাতে নির্ভরযোগ্য সাংবাদিকতা পড়তে পারেন, সেই খবর নিয়ে প্রশ্ন তুলতে পারেন এবং নিজেদের এলাকার ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরি করতে পারেন। ছোট বয়স থেকেই পরিবর্তন আনতে পারে এমন সাংবাদিকতার সঙ্গে পরিচিত হওয়া জরুরি।

Deepspatial-এর CEO কী বললেন?

Deepspatial-এর প্রতিষ্ঠাতা ও CEO ডঃ রাহুল কুশওয়াহ জানান, এই দু’টি অংশীদারিত্ব সংস্থার বৃহত্তর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। জিও-AI নির্ভর ডিসিশন ইন্টেলিজেন্সকে আরও বেশি ক্ষেত্রে ব্যবহার করা এবং বাস্তব সমস্যার কার্যকর প্রযুক্তিগত সমাধান তৈরি করাই তাঁদের লক্ষ্য।

তিনি বলেন, IIT তিরুপতি নবাবিষ্কার আই-হাব ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতার ফলে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ প্রতিভা তৈরির কাজ আরও শক্তিশালী হবে। অন্য দিকে, OneIndia-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে edskExpress প্ল্যাটফর্মে নির্ভরযোগ্য খবর ও ডিজিটাল মিডিয়া সম্পর্কে সচেতনতার গুরুত্ব বাড়ানো সম্ভব হবে।

Deepspatial-এর CMO সৌরভ ত্যাগীও জানান, সংস্থার উন্নয়নের পরিকল্পনা এমন অংশীদারিত্বের উপর নির্ভরশীল, যা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি সুফল তৈরি করতে সাহায্য করবে। ভারতে গড়ে ওঠা প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক স্তরে ব্যবহারযোগ্য সমাধান তৈরি করতে চায় সংস্থাটি।

তিন দশকে ভারতে কানাডার বৃহত্তম Team Canada বাণিজ্য মিশন

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এই সফরকে গত ৩০ বছরে ভারতে আসা কানাডার বৃহত্তম Team Canada বাণিজ্য মিশন বলে উল্লেখ করেছে।

এই সফরে মোট ৩৪টি চুক্তি হয়েছে। তার মধ্যে ১১টি মুম্বইয়ে এবং ২৩টি বেঙ্গালুরুতে স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলি মহাকাশ ও বিমান পরিবহণ, পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি পরিবর্তন, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিকাঠামো, জীবনবিজ্ঞান এবং পর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত।

Deepspatial-এর দু’টি চুক্তিই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্ভুক্ত।

এই বাণিজ্য মিশনে ভারতীয় সংস্থার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও অংশ নিয়েছিল। তার মধ্যে রয়েছে টাটা প্রজেক্টস, GMR Aero Technic, আদানি পোর্টস অ্যান্ড SEZ, KPMG India, আদিত্য বিড়লা ইনসুলেটরস, অ্যাপোলো হেলথ রিসোর্সেস, IIT তিরুপতি, IISER তিরুপতি এবং IIT রুরকি।

কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু জানান, এই সফরে কানাডীয় ব্যবসায়ীদের জন্য প্রায় ৩০ কোটি কানাডীয় ডলার মূল্যের ৩৪টি ব্যবসায়িক চুক্তি হয়েছে। তাঁর মতে, এই অংশীদারিত্ব ভারত ও কানাডার দীর্ঘমেয়াদি সম্পর্ককে আরও মজবুত করবে। পাশাপাশি, দুই দেশের ব্যবসায়ী ও কর্মীরাও ভবিষ্যতে এর সুফল পেতে পারেন।

কানাডার বাণিজ্যিক সম্পর্ককে আরও বিভিন্ন দেশের সঙ্গে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এই সফর করা হয়েছে। সফর চলাকালীন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠক করেন মনিন্দর সিধু। ভারত-কানাডা কমপ্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (CEPA) নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়াই ছিল বৈঠকের অন্যতম উদ্দেশ্য।

কোন কোন ক্ষেত্রে কাজ করে Deepspatial?

কানাডার টরন্টোতে সদর দফতর থাকা Deepspatial একটি জিও-AI প্রযুক্তি সংস্থা। ভারতে তাদের কাজকর্মও রয়েছে। সংস্থাটি জিওস্পেশিয়াল AI, লোকেশন ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স এবং ম্যাপিং সংক্রান্ত প্রযুক্তিগত সমাধান তৈরি করে।

শিক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, বিপর্যয় মোকাবিলা এবং পরিকাঠামো পরিকল্পনার মতো বিভিন্ন ক্ষেত্রে সংস্থার প্রযুক্তি ব্যবহার করা হয়।

Deepspatial-এর উল্লেখযোগ্য উদ্যোগগুলির মধ্যে রয়েছে edskNext, edskExpress এবং Xploor।

  • edskNext: AI নির্ভর পড়ুয়াদের কেরিয়ার ও দক্ষতা সংক্রান্ত পরামর্শ দেওয়ার প্ল্যাটফর্ম।
  • edskExpress: পড়ুয়াদের জন্য ডিজিটাল খবর ও সংবাদমাধ্যম সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্ল্যাটফর্ম।
  • Xploor: জিও-AI প্রযুক্তিতে প্রশিক্ষণ ও মেন্টরশিপের কর্মসূচি।

IIT তিরুপতি এবং OneIndia-র সঙ্গে এই নতুন চুক্তির মাধ্যমে গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা এবং শিক্ষাক্ষেত্রে নিজেদের সহযোগিতা আরও বাড়াতে চায় Deepspatial। এক দিকে যেমন প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, অন্য দিকে পড়ুয়াদের কাছে নির্ভরযোগ্য সাংবাদিকতা পৌঁছে দিয়ে সংবাদ বোঝার ও বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

Post Comment

You May Have Missed