কেকেআরের বিরুদ্ধে মাত্র এক রান করেই বিরাট কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, রইল ভিডিও
রায়পুর: আইপিএলে (IPL 2026) কেকেআরের বিরুদ্ধে মাঠে নেমেছে আরসিবি। সেই ম্যাচেই মাত্র এক রান করেই উচ্ছ্বাসে ভাসলেন বিরাট কোহলি (Virat Kohli)। সৌরভ দুবের বিরুদ্ধে প্রথম ওভারের শেষ বলেই এক রান করে উচ্ছ্বাসে ভাসেন। কিন্তু হঠাৎ এই উচ্ছ্বাসের কারণ কী?
আসলে বিগত দুই ম্য়াচে কোহলি খাতাই খুলতে পারেননি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুই বলে শূন্য রানে আউট হন কোহলি, আর তার পরের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন ‘কিং’। এই ম্যাচে শূন্য করলেই, লজ্জার শূন্যের হ্যাটট্রিক করতেন বিরাট। তবে কেকেআরের বিরুদ্ধে প্রথম ওভারের শেষ বলেই তিনি সৌরভ দুবের বল লেগ সাইডে ফ্লিক করে খাতা খোলেন। আর তারপরেই এদিন শূন্যর হ্যাটট্রিক এড়াতে পেরে উচ্ছ্বাসে ভাসেন কোহলি।
Celebrate every run like Virat Kohli 😅
Updates ▶️ https://t.co/X27WecYjiZ#TATAIPL | #KhelBindaas | #RCBvKKR | @imVkohli pic.twitter.com/r23XtyBdNV
— IndianPremierLeague (@IPL) May 13, 2026
ঘটনাক্রমে, এই ম্যাচটি এমনিও কোহলির জন্য ঐতিহাসিক ছিল। আইপিএলের ইতিহাসে এতদিন পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির দখলেই সর্বাধিক, ২৭৮টি ম্য়াচ খেলার কৃতিত্ব ছিল। তবে সেই কৃতিত্ব এই ম্যাচে মাঠে নামতেই নিজের নামে করে ফেললেন কোহলি। ধোনির ২৭৮টি ম্যাচ খেলার কৃতিত্বকে পিছনে ফেলে ২৭৯তম আইপিএল ম্যাচ খেলতে নামলেন কোহলি। আর এর সঙ্গেই রচিত হল সর্বকালীন ইতিহাস। ধোনি এ মরশুমে একটিও ম্যাচ খেলেননি। সেখানে আরসিবির হয়ে নিয়মিত খেলছেন কোহলি। সেই সুবাদেই তিনি মাহিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন।
এই রেকর্ড গড়া ম্যাচটিকে কিন্তু চিরস্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। তিনি নিজের আইপিএল কেরিয়ারের নবম শতরান হাঁকালেন। ৬০ বলে অপরাজিত ১০৫ রান করে এদিন আরসিবিকে জিতিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি। আইপিএলে রান তাড়া করতে নেমে কোহলি এদিন বাটলারের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। বাটলারের সঙ্গেই যুগ্মভাবে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে কোহলি একাধিক শতরান হাঁকানোর কৃতিত্বও গড়লেন।
তিনি এই ম্যাচে নিজের ইনিংসের মাধ্যমে আরও একাধিক ইতিহাস গড়েন। কোহলি এই ম্যাচে ১৪ হাজার টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করে ফেলেন। ক্রিস গেলকে (৪২৩) পিছনে ফেলে দ্রুততম ব্যাটার হিসাবে কোহলি এদিন এই গণ্ডি পার করলেন। টি-টোয়েন্টিতে শতরানের (১০) নিরিখেও কোহলি যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে এলেন। আর তাঁর এই শতরানের সুবাদেই ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল আরসিবি



Post Comment