‘ওঁর মতো বন্ধু পাওয়া দুর্লভ, সহ্য করব কীভাবে…’, অনীক দত্তের মৃত্যুতে শোকস্তব্ধ পরাণ
- পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ।
- তাঁর প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’ ছিল অত্যন্ত জনপ্রিয়।
- ‘অপরাজিত’ সেরা প্রোডাকশন, মেকআপে জাতীয় পুরস্কার পায়।
- স্পষ্টবক্তা পরিচালক ও বাম-সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
কলকাতা: হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তর (Anik Dutta Death)। বুধবার দুপুরে দুঃসংবাদে বাকরুদ্ধ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। বিজ্ঞাপনজগতে দীর্ঘদিন কাজের সূত্রেই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত (Anik Dutta)। তারপর ২০১২-য় মুক্তি পায় তাঁর প্রথম বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ (Bhooter Bhabishyat)। আর প্রথম ছবিতেই বাজিমাত। কমেডির মোড়কে সমাজ, সংস্কৃতি, রাজনীতি নিয়ে নিজের ধারণা স্পষ্ট করে দিয়েছিলেন চিত্রনাট্যে। নতুন ছবির চিত্রনাট্য নিয়ে কাজও শুরু করেছিলেন অনীক দত্ত। তবে সেই গল্প আর বলা হল না। খুব অকস্মাৎ, খুব হঠাৎ করেই চলে গেলেন টলিউডের এক সম্পদ।
অনীক দত্তের বিচরণক্ষেত্রে জড়িয়ে ছিলেন সত্যজিৎ রায়
সত্যজিতের সিনেমাই ছিল তাঁর অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণা থেকেই ২০২২-এ তিনি বানিয়েছিলেন ‘অপরাজিত।’ সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কমল (Jeetu Kamal)। সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা মেকআপ বিভাগে জাতীয় পুরস্কার জিতেছিল অপরাজিত। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোটগল্প অবলম্বনে ‘আশ্চর্য প্রদীপ’, সাসপেন্স-থ্রিলার ‘মেঘনাদ বধ রহস্য’, ভবিষ্যতের ভূত, রমাপদ চৌধুরীর লেখা গল্প ছাদ অবলম্বনে ‘বরুণবাবুর বন্ধু’। নিজের সিনেমায় একটা স্বতন্ত্র ঘরানা তৈরি করেছিলেন অনীক দত্ত। গতবছর মুক্তি পায় অনীক দত্তর শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। মগজাস্ত্রে শান দেওয়ার ভরপুর রসদ ছিল তাঁর সেই ছবিতে।
পরিচিতি তৈরি করেছিলেন, বাম-সমর্থক, স্পষ্টবক্তা হিসেবে
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাম-সমর্থক, স্পষ্টবক্তা হিসেবে তাঁর আলাদা একটা পরিচিতি ছিল। নিজের রাজনৈতিক ভাবনা স্পষ্ট ভাবেই ব্যক্ত করতেন সোশাল মিডিয়ায়। তৃণমূল জমানায় প্রশাসনিক নানা কাজকর্মের বিরোধিতায় সরব হয়েছেন, রাজনীতির মঞ্চে কুকথার বিরোধিতা করেছেন। তাঁর সিনেমাগুলোতেও রাজনৈতিক প্রসঙ্গ এসেছে বার বার। সেই আপসহীন চিত্রপরিচালক পাড়ি দিলেন না ফেরার দেশে। অনীক দত্তর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সহ-কর্মীরা।
অনীক দত্তের মৃত্যুতে শোকস্তব্ধ পরাণ বন্দ্যোপাধ্যায়
অনীক দত্তের অকস্মাৎ প্রয়াণে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) বলছেন, ‘যে কোনও মৃত্যুই তো দুঃখের। অনেকের সঙ্গেই তো পরিচয় হয়, দীর্ঘদিন টিঁকে থাকে। কিন্তু সবার সঙ্গে আত্মিক বন্ধন হয় না। তাঁর আদর্শ, মূল্য়বোধ, সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি তাঁর প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে প্রতিভাত হত। এইরকম মানুষ পাওয়া যেমন দুর্লভ, এমন বন্ধুত্ব পাওয়াও দুর্লভ। একটা জীবন এমন অকস্মাৎ, অকারণ এমন বিনা মেঘে বর্জ্রপাতের মতো চলে গেল..এগুলোর কী ব্যাখ্যা করব.. কীভাবে এটাকে সহ্যের জায়গায় নিয়ে যাব.. এগুলো ভাবাা মুশকিল হয়ে পড়ে।’ প্রসঙ্গত ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে অনীক দত্তের পরিচালনায় কাজ করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ‘বরুণবাবুর বন্ধু’ ছবিতেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন অনীক দত্তের পরিচালনাতেই।



Post Comment