অনীক দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?
কলকাতা: প্রয়াত পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। বুধবার দুপুরে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে খবরটা। বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পরিচালকের। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পরিচালকের মৃত্যু নিয়ে উঠে আসছে বিভিন্ন তথ্য। শারীরিক সমস্যার পাশাপাশি, দীর্ঘদিন ধরে মানসিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত, অবসাদ গ্রাস করেছিল তাঁকে, পরিবার সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ঘটনার পরে পরিচালককে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা করে জানানো হয়, হাসপাতালে নিয়ে আসার আগেই, মৃত্যু হয়েছে পরিচালকের। এরপরে তাঁর দেহ SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। পরিচালকের দেহের ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে, সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কথা বলেন, পরিচালকের পরিবারের সঙ্গে।
অনীক দত্তের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে লেখেন, জনপ্রিয় পরিচালক অনীক দত্তের প্রয়াণে গভীরভাবে শোকাহত। বাংলা সিনেমায় ওঁর অবদান অমূল্য হয়ে থেকে যাবে। ওঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা। আমি বিশ্বাস করি, এই মৃত্যু নিয়ে যদি কোনও রহস্য তৈরি হয়ে থাকে, কলকাতা পুলিশ সঠিক তদন্ত করে আসল সত্যিটা বের করে আনবে।’ এদিন হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। তিনি পরিচালকের পরিবারের মানুষ ও বন্ধুদের সঙ্গে কথা বলেন। যদিও অনীক দত্তের একমাত্র কন্যা বিদেশে থাকেন। তাঁকে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে। আগামীকাল দুপুরে তাঁর কলকাতায় ফিরে আসার কথা। পরিচালকের কন্যা কলকাতায় ফেরার পরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আজ পরিচালকের দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। আর রাতে, তাঁর মরদেহ পিস ওয়ার্ল্ড-এ রাখা থাকবে। আগামীকাল তাঁর দেহ কিছুটা সময়ের জন্য শায়িত থাকবে নন্দনে। সেখানে পরিচালককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর গুণমুগ্ধরা। এরপরে আগামীকালই শেষকৃত্য হওয়ার কথা পরিচালক অনীক দত্তের।
Saddened by the untimely demise of renowned filmmaker Shri Anik Dutta. His contributions towards Bengali Cinema is priceless.
Heartfelt Condolences to his family & friends.
I trust @KolkataPolice will investigate & unearth the mysterious circumstances shrouding his sudden death.— Suvendu Adhikari (@SuvenduWB) May 27, 2026



Post Comment