Yousuf Pathan In TMC Campaign: ‘খেলা হবেই’, মঙ্গলকোটে গর্জে উঠলেন ইউসুফ পাঠান
Last Updated:
মঙ্গলকোটে প্রচারে এসে স্পষ্ট বার্তা দিলেন “১১০-এর বেশি আসন পাবে তৃণমূল, খেলা হবেই। আর এখানকার মানুষ জানে কীভাবে সেই খেলা করতে হয়।”
পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী দলের নেতা ইউসুফ পাঠান। মঙ্গলকোটে প্রচারে এসে স্পষ্ট বার্তা দিলেন “১১০-এর বেশি আসন পাবে তৃণমূল, খেলা হবেই। আর এখানকার মানুষ জানে কীভাবে সেই খেলা করতে হয়।”মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে এদিন রোড শো করেন ইউসুফ পাঠান।
সকাল সাড়ে দশটা নাগাদ বটতলা এলাকা থেকে শুরু হওয়া এই রোড শো শেষ হয় নতুনহাট নদীর পাড় সংলগ্ন এলাকায়। লাল রঙের হুডখোলা জিপে চড়ে প্রার্থীকে পাশে নিয়েই জনসংযোগে নামেন তিনি। তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’পাশে ভিড় জমান অসংখ্য মানুষ। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ মানুষই এই নির্বাচনের আসল শক্তি। তাঁদের সমর্থন ও আস্থার উপর ভর করেই তৃণমূল আবার ক্ষমতায় ফিরবে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, মানুষের ভালোবাসা ও উৎসাহই দলকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ফলাফল নিয়েও যথেষ্ট আশাবাদী পাঠান। তাঁর দাবি, প্রায় সমস্ত আসনেই জয় আসবে দলের ঝুলিতে।রাজ্যের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি জানান, সরকারের কাজই মানুষের আস্থা বাড়িয়েছে। সেই কারণেই ভোটের ফলেও তার প্রতিফলন দেখা যাবে বলে মত তাঁর। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, এই তীব্র রোদ গরম মাথায় নিয়ে যেভাবে মানুষ এই রোড শো তে অংশগ্রহণ করেছে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে সকলে কতটা সমর্থন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, মিটিংয়েও বহু মানুষের ভিড় উপচে পড়ছে।
প্রথম দফার ভোট নিয়েও ইতিবাচক সুর শোনা যায় ইউসুফ পাঠানের গলায়। বিপুল ভোটদানের হারকে গণতন্ত্রের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষ তাদের অধিকার প্রয়োগ করেছেন, আর সেটাই সবচেয়ে বড় বিষয়। সব মিলিয়ে, ‘১১০ আসন’ এবং ‘খেলা হবে’ এই দুই বার্তাকেই সামনে রেখে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। আর সেই আত্মবিশ্বাসের সুরই মঙ্গলকোটের মাটিতে প্রচারের মঞ্চ থেকে জোর গলায় তুলে ধরলেন ইউসুফ পাঠান।
Banowarilal Chowdhary
Kolkata,West Bengal
Apr 25, 2026 12:24 AM IST



Post Comment