Mamata Banerjee: শুভেন্দুর সভার মাইকের আওয়াজে ক্ষুব্ধ, ভবানীপুরে মঞ্চ ছেড়ে চলে গেলেন মমতা!
Last Updated:
ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় ৫০০ থেকে ৬০০ মিটারের দূরত্বে এ দিন সন্ধ্যায় বিজেপি এবং তৃণমূলের সভা ছিল৷
ভবানীপুরে সভা না করেই ফিরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চক্রবেড়িয়ার সভা মঞ্চে উঠেও নেমে গেলেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আগে থেকে অনুমতি থাকা সত্ত্বেও তাঁর সভাস্থলের কাছে বিজেপি-র সভার মাইক বাজানো হচ্ছে৷ এই ভাবে সভার কাজ করা সম্ভব নয় বলেই মঞ্চ থেকে নেমে যান ক্ষুব্ধ মমতা৷ তবে আগামিকাল ওই জায়গাতেই তিনি মিছিল করবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী৷
ভবানীপুরের বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া এলাকায় এ দিন সভা করার কথা ছিল তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ওই জায়গা থেকে কিছুটা দূরেই বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও একই সময় সভা করার কথা ছিল৷
এ দিন সন্ধ্যায় চক্রবেড়িয়ার ওই মঞ্চে পৌঁছন তৃণমূলনেত্রী৷ কিন্তু তিনি যখন মঞ্চে ওঠেন, তখন সভাস্থলের কাছেই বিজেপি-র সভার মাইক বাজছিল৷ সেই মাইকের আওয়াজ কানে আসতেই ক্ষুব্ধ হন তৃণমূলনেত্রী৷
মঞ্চ থেকেই তিনি বলেন, ‘সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন৷ সভা করার জন্য আমি সবরকম অনুমতি নিয়েছি৷ তার পরেও এদের আচরণ দেখুন৷ জোর করে বাংলা দখলের জন্য এরা যা করছে তা ঠিক নয়৷ এক মাস তো আমি বাংলার বাকি আসনগুলিতে আমি প্রচার করেছি৷ তার পরেও এরা এরকম আচরণ করলে আমাকে আইনি পদক্ষেপ করতে হবে৷ সামনে চিৎকার করছে যাতে আমি এই সভা করতে না পারি৷ এটাকে বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা৷ সামনে চিৎকার করছে যাতে আমি সভাটা না করতে পারি৷ আমাকে ক্ষমা করবেন, আমি এই সভা করতে পারব না৷ এটা খুব অপমানজনক৷ এই অসভ্যতামি আমি করতে পারব না৷ আগামিকাল এখানে আমি মিছিল করে দেবো৷ যদি পারেন ভোটটা আমাকে দেবেন৷ কিন্ত এই অপমানের জবাবে আপনাদের ভোটটা দিতে হবে৷’
চক্রবেড়িয়ায় যে জায়গায় তৃণমূলের সভা ছিল, তার থেকে ৫০০-৬০০ মিটার দূরত্বেই বিজেপি-র সভা চলছিল৷ পুলিশ সূত্রে খবর, দুই দলকেই তাদের সভাস্থলের কাছে ৭/৮ টি মাইক লাগানোর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্ত দুটো সভার ক্ষেত্রেই তার বেশি মাইক ব্যবহার করা হয় বলে অভিযোগ৷ অনেক জায়গাতেই দুটি সভার মাইক মুখোমুখি লাগানো হয়েছিল৷
মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের সভা মঞ্চে পৌঁছন, তখন বিজেপি-র সভামঞ্চ থেকে বক্তব্য চলছিল। সেই আওয়াজ পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে। যদিও সেই সময় শুভেন্দু অধিকারী বিজেপি-র সভায় আসেননি৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীকেও আনা হয়৷
সহ প্রতিবেদন- অমিত সরকার
Kolkata,West Bengal




Post Comment