Indranil Sen Mamata Banerjee Link: ‘টাকায় মমতার ভাগ থাকতে পারে’, ইন্দ্রনীল গ্রেফতার হতেই বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর
Last Updated:
Indranil Sen Mamata Banerjee Link: পুজোর পাস দুর্নীতি মামলায় গ্রেফতার ইন্দ্রনীল সেন, ইডির নথিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকার দাবি। বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর।
কলকাতা: পুজো মিটতেই পুজোর ‘পাস-দুর্নীতি’ মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সূত্রের খবর, এই মামলায় ইডির নথিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে মমতার কাছে টাকা গিয়েছে বলে দাবি করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, তৃণমূল আমলে দুর্গাপুজোর পাস দুর্নীতিতে ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে টাকা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে।
বুধবার বুধবার ইডি-র দফতর থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করা হয়। বউবাজার থানায় করা মামলায় সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই এদিন পুলিশ ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে। বুধবার মাস আর্ট মামলার তদন্তে এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের ডিডি স্পেশাল সেল। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে পুজোর পাসে দুর্নীতি সংক্রান্ত মূল অভিযোগটি দায়ের করা হয়েছিল কলকাতা পুলিশের কাছে। বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছিল।
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল তদন্তকারী সংস্থা এবং কলকাতা পুলিশ। তথ্যপ্রমাণ হাতে পাওয়ার পরই আইন মেনে পদক্ষেপ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, তিনি একাধিক রাজনৈতিক সভায় দাবি করেছেন, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত থাকতে পারে। দু’জনের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর কথায়, তাঁদের একসঙ্গে গান গাওয়ার কথাও মানুষ শুনেছেন।
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শিল্পী ও গায়কদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তোলেন শুভেন্দু। তাঁর দাবি, তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। সিঙ্গুরে ইন্দ্রনীলের খামারবাড়ি তৈরি নিয়েও কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, এত কিছুর পরেও তাঁরা এখনও দু’কামরার বেশি থাকার জায়গা পাননি। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে ইন্দ্রনীল সেনের যোগ থাকার অভিযোগও তোলেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, রাজনৈতিক পরিস্থিতি বুঝে অনেকে নিজেদের অবস্থান বদলান। বিজেপির দরজা বন্ধ থাকায় সরকার পরিবর্তনের পর ইন্দ্রনীল সেন কিছুটা প্রশংসা করতে শুরু করেছিলেন বলেও দাবি করেন তিনি।
ইন্দ্রনীল সেনের গ্রেফতারি প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতেই নিশ্চয়ই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর বক্তব্য, ইন্দ্রনীল সেন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন এবং আদালতের আইনি প্রক্রিয়াতেই বিষয়টি এগিয়েছে। বাকি লড়াই তাঁকে আদালতেই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনের দীর্ঘদিনের রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, দু’জন একে অপরের পরিপূরক ছিলেন বলে বাইরে থেকে মনে হত। তাঁর দাবি, তাঁরা একসঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন এবং একই গাড়িতে ঘুরতেন। এই প্রসঙ্গে তৃণমূলের পুরনো নেতা-কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বুধবার সকালে বিধানসভায় দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই তো ব্রেকফাস্ট শেষ করেননি। চা-বিস্কুট, আরও অনেক কিছু দেখতে পাবেন।” এরপর তিনি আরও কড়া ভাষায় বলেন, “প্রাতিষ্ঠানিক চোরদের সবাইকে জেলে যেতে হবে। ঠিক সময়ে বড় জায়গাতেও হাত পড়বে। অপেক্ষা করুন।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Post Comment