পরিবার নিয়ে বিমানবন্দরে হেনস্থার মুখে কিংবদন্তি ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন
ডাবলিন: তিনি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এখন আইপিএলে (Indian Premier League) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হেড কোচ। সেই কুমার সঙ্গকারা ডাবলিনে তাঁর পরিবারের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন। কিংবদন্তির মতে, তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, হুমকির সুরে কথা বলা হয়েছে। সঙ্গকারা তাঁর ‘এক্স’ অ্যাকাউন্টে এই ঘটনার কথা জানান।
কুমার সঙ্গকারা তাঁর ‘এক্স’ হ্যান্ডলে লেখেন, “ডাবলিনে Ryanair-এর গেট কর্মীদের পক্ষ থেকে বৈষম্যমূলক আচরণের অভিজ্ঞতা কি কারও হয়েছে? আমার এবং আমার পরিবারের সঙ্গে ঠিক এমনটাই হয়েছে, যা অত্যন্ত চমকে দেওয়ার মতো।”
ক্রিকেটার জানান, তাঁদের কথা বলার ভঙ্গি এমন ছিল যেন হুমকি দিচ্ছেন। তিনি লেখেন, “তাঁদের কথা বলার ভঙ্গি, নিয়মনীতি প্রক্রিয়াগুলিকে ভুলভাবে প্রয়োগ করা এবং হুমকিমূলক আচরণ — যে কোনও যাত্রীর জন্যই এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এটাই আমার প্রথম খারাপ অভিজ্ঞতা।”
Has anyone experienced discriminatory gate personnel @Ryanair in Dublin ? I with my family just did and it was shocking. The tone of address and the mishandling of procedure and threatening behavior. Unacceptable for any passenger. First bad experience in Dublin
— Kumar Sangakkara (@KumarSanga2) October 28, 2026
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা ১৩৪টি টেস্ট, ৪০৪টি ওয়ান ডে এবং ৫৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর নামের পাশে ১২,৪০০ রান, ওয়ান ডে-তে ১৪,২৩৪ রান এবং টি-২০-তে ১৩৮২ রান রয়েছে। তিনি টেস্টে ৩৮টি এবং ওয়ান ডে ফর্ম্যাটে ২৫টি সেঞ্চুরি করেছেন। রাজস্থান রয়্যালসের হেড কোচ সঙ্গকারা আইপিএল-এ ৩টি দলের হয়ে খেলেছেন।
লিগের প্রথম সংস্করণ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি পঞ্জাব কিংস (Punjab Kings) -এর হয়ে (তখন নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব) খেলেছেন। এরপর তিনি ডেকান চার্জার্স (Deccan Chargers) -এ চলে যান। ২টি মরশুম (২০১১ এবং ২০১২) DCH-এর হয়ে খেলার পর ২০১৩ সালে তিনি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) -এ চলে যান। এটাই ছিল খেলোয়াড় হিসেবে তাঁর শেষ আইপিএল। খেলা ছাড়ার পর পুরোদমে কোচিং করাচ্ছেন সঙ্গকারা। বৈভব সূর্যবংশীর উত্থানের নেপথ্যেও অবদান রয়েছে তাঁর।
আরও পড়ুুন: প্রথমবার এক ম্যাচে ১০ উইকেট, বারাণসী গিয়ে বদলে যায় প্রদীপ্তর জীবন, জয়ের হ্যাটট্রিক বাংলার
Post Comment