দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
কলকাতা: নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) কনসার্ট রয়েছে, আগামীকাল। ৩০ অক্টোবর। এই কনসার্ট নিয়ে জল্পনা, সতর্কতা.. কিছুই কম হয়নি। প্রথমেই নিরাপত্তার কারণে এই কনসার্টের অনুমতি বাতিল করেছিল পুলিশ। তবে পরবর্তীতে একাধিক শর্তানুুসারে অনুমতি মিলেছে এই কনসার্টের। তবে নির্দেশ দেওয়া হয়েছে, কনসার্ট যেখানে হবে, সেই স্টেডিয়ামের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গাড়ি যাবে, তারপরে আর যাবে না। পায়ে হেঁটেই দর্শকদের ঢুকতে হবে প্রেক্ষাগৃহে। গাড়ি রাখার বিষয়টা নিয়েও কড়া নিরাপত্তা বলয় রয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে কনসার্ট দেখতে আসবেন এত মানুষ? কিভাবেই বা ফিরবেন? এই কথা ভেবে, বিশেষ ব্যবস্থা করা হয়েছে দিল্লি মেট্রোর তরফ থেকে।
দিলজিতের কনসার্টের জন্য বিশেষ মেট্রো পরিষেবা
এদিন দিল্লি মেট্রোর তরফ থেকে জানানো হয়, দিলজিতের কনসার্টে প্রায় ৭০ হাজার মানুষ আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এদিন বিশেষ পরিষেবা থাকবে দিল্লি মেট্রোর। জানানো হয়েছে, এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ছাড়া, অন্যান্য মেট্রো লাইনে রাত ১২টা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। দিল্লিতে মেট্রো ব্যবস্থা বেশ উন্নত। এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই মেট্রো করে পৌঁছে যাওয়া যায়। গোটা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে বহু লাইন। এর ফলে, গাড়ি না থাকলে, দিল্লির মানুষের যাতায়াতের অন্যতম ভরসা এই শহরের মেট্রো। সেই কারণেই যে সমস্ত দর্শকেরা দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট দেখতে আসবেন এবং ফের রাতে বাড়ি ফিরবেন, তাঁদের কথা ভেবে বিশেষ পদক্ষেপ নিয়েছে দিল্লি মেট্রো।
দিলজিৎ দোসাঞ্জের নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুলিশের তরফে
ঠিক কী কী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে দিলজিৎ দোসাঞ্জের জন্য? যাঁরা এই অনুষ্ঠানটি আয়োজন করছেন, তাঁরা জানিয়েছিলেন, তাঁরা দিলজিতের জন্য ৪০০ জন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করবেন। কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ৪০০ জন নয়, দিলজিতের জন্য অন্তত দেড় হাজার থেকে ২ হাজার নিরাপত্তারক্ষী রাখতে হবে। কী করবেন এতজন নিরাপত্তারক্ষী? দিল্লি পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই সমস্ত নিরাপত্তারক্ষীরা কনসার্টে যে সমস্ত দর্শকেরা ঢুকবেন তাঁদের লাইনের দেখভাল করবেন। দর্শকেরা যাতে সুষ্ঠুভাবে প্রবেশদ্বার দিয়ে প্রেক্ষাগৃহে ঢুকতে পারেন, সেই ব্যবস্থা করবেন। স্টেডিয়ামের চারপাশে পথচারীদের যাতায়াত নিয়ন্ত্রণ করবেন। জানা গিয়েছে, যে প্রেক্ষাগৃহে দিলজিৎ অনুষ্ঠান করবেন, সেখানে ৫৫ হাজার দর্শক বসার জায়গা রয়েছে। পাশাপাশি এই অনুষ্ঠানের জন্য বাড়তি পার্কিংর ব্যবস্থাও করতে বলা হয়েছে।
আরও পড়ুন: Dev-Subhasree: ‘ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব’, শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
Post Comment