East Medinipur News: প্রশাসনের কড়াকড়িতে হেলমেট বিক্রেতাদের কপালে বাম্পার লটারি, দেদার বিকোচ্ছে টু-হুইলারের সুরক্ষা কবচ! শেষ কয়েকদিনে রেকর্ড ব্যবসা
Last Updated:
East Medinipur News: নতুন সরকার আসার পরেই ট্রাফিক নিয়ম নিয়ে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। রাজ্যজুড়ে ট্রাফিক নিয়মের কড়াকড়ি অবস্থানে বদলাচ্ছে চিত্রটা। একদিকে পুলিশের ট্রাফিক বিভাগ থেকে যেমন সচেতনতামূলক প্রচার চলছে, অন্যদিকে বাড়ছে হেলমেটের বিক্রি।
তমলুক, সৈকত শী: মোটরসাইকেল চালালে চালককে হেলমেট পরতেই হয়, এটাই নিয়ম। এর পাশাপাশি বাইকে যদি অন্য একজন আরোহী থাকে তারও ক্ষেত্রে হেলমেট থাকা জরুরী। কিন্তু এই নিয়মের তোয়াক্কা করেই বেশিরভাগ সময় রাস্তায় দুর্বার গতিতে ছুটে যেত মোটরসাইকেল। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর ছবি ছবি উঠে আসত জেলার বিভিন্ন প্রান্তে। রাজ্যের নতুন সরকার আসার পরেই এই নিয়ম নিয়ে কড়া অবস্থান নিয়েছে। রাজ্যজুড়ে ট্রাফিক নিয়মের কড়াকড়ি অবস্থানে বদলাচ্ছে চিত্রটা। একদিকে পুলিশের ট্রাফিক বিভাগ থেকে যেমন সচেতনতামূলক প্রচার চলছে, অন্যদিকে বাড়ছে হেলমেটের বিক্রি।
আগে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা দেখা যেত। তবে এখন শহরের মোড়ে মোড়ে মাইকিং, কড়া নজরদারি এবং লাগাতার জরিমানার জেরে হেলমেটের দোকানগুলিতেই বেড়েছে ক্রেতাদের ভিড়। তমলুক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের উদ্যোগে চলছে সচেতনতামূলক প্রচার। পথচলতি মানুষ ও যানচালকদের ট্রাফিক বিধি মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে মাইকে। বিশেষ করে হেলমেট থাকা বাধ্যতামূলক, এই বার্তাই বারবার তুলে ধরা হচ্ছে। পাশাপাশি চলছে বিশেষ নজরদারি অভিযানও।
পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা, মন্দারমণি-সহ একাধিক পর্যটন কেন্দ্র থাকায় সারা বছরই বিভিন্ন জেলা থেকে বহু পর্যটক বাইকে চড়ে আসেন। আর সেই কারণেই জেলার রাস্তায় বাইকের সংখ্যা তুলনামূলক বেশি। পুলিশ সূত্রে খবর, অতিরিক্ত গতি এবং হেলমেট না থাকার কারণেই বহু দুর্ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রেই সেই দুর্ঘটনা প্রাণঘাতী হয়ে ওঠে। জেলা পুলিশ প্রশাসনের দাবি, শেষ বছর শুধুমাত্র বাইক দুর্ঘটনাতেই জেলায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কমাতে অতীতেও একাধিক বার বিশেষ অভিযান হয়েছে। তবে এবার আরও কঠোর মনোভাব নিয়েছে প্রশাসন।
নতুন সরকারের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ট্রাফিক সচেতনতার প্রচার। আর সেই বার্তার প্রভাব পড়েছে বাজারেও। তমলুক শহরের একাধিক হেলমেটের দোকানে শেষ কয়েকদিনে বেড়েছে বিক্রি। তমলুকের মানিকতলার এক হেলমেট ব্যবসায়ী শেখ শহিদুল ইসলামের কথায়, এখন প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, হেলমেট না থাকলে ফাইন হবেই। সেই কারণে এখন হেলমেটের চাহিদা অনেক বেড়েছে। প্রশাসনের একাংশের মতে, শুধুমাত্র জরিমানা নয়, মানুষের মানসিকতার পরিবর্তনই এখন সবচেয়ে জরুরি।
Purba Medinipur,West Bengal
May 18, 2026 10:26 AM IST
East Medinipur News: প্রশাসনের কড়াকড়িতে হেলমেট বিক্রেতাদের কপালে বাম্পার লটারি, দেদার বিকোচ্ছে টু-হুইলারের সুরক্ষা কবচ! শেষ কয়েকদিনে রেকর্ড ব্যবসা



Post Comment