Suvendu Adhikari: ‘কত বড় মস্তান আছে দেখতে চাই’, চোপড়ার বিধায়কের বিরুদ্ধে সমস্ত মামলা খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Last Updated:
Suvendu Adhikari: চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে নিশানা শুভেন্দুর, সব মামলা খতিয়ে দেখার নির্দেশ।
রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়কের বিরুদ্ধে থাকা সমস্ত মামলা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি, আগামী দিনে চোপড়াতেই প্রশাসনিক বৈঠক করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যকে ঘিরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বৃহস্পতিবার রায়গঞ্জে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। বিশেষ করে চোপড়ার বিধায়ককে নিশানা করে কড়া বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “চোপড়ার কুখ্যাত বিধায়ক, মাফিয়া-গুন্ডাদের বিরুদ্ধে যত মামলা আছে, সব ওপেন করবেন, আমি বলে গেলাম।” একই সঙ্গে তিনি জানান, পরবর্তী প্রশাসনিক বৈঠক চোপড়াতেই করবেন। তাঁর কথায়, “আমি দেখতে চাই, কত বড় মস্তান এই জেলায় আছে।” সাধারণ মানুষকে নির্ভয়ে অভিযোগ জানানোর আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দেন তিনি।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের সীমান্তবর্তী চোপড়া এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, অপরাধমূলক কার্যকলাপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন সরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণের অভিযোগ নিয়েও কড়া অবস্থানের কথা জানান শুভেন্দু অধিকারী। আদিবাসী ও সনাতনী সম্প্রদায়ের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করার নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
তবে চোপড়ার বিধায়কের বিরুদ্ধে ঠিক কোন কোন মামলা নতুন করে খতিয়ে দেখা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি মুখ্যমন্ত্রী। প্রশাসন এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী করে, এখন সেদিকেই নজর থাকবে। সব মিলিয়ে, রায়গঞ্জের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে চোপড়ার বিধায়ককে সরাসরি নিশানা, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি খতিয়ে দেখার নির্দেশ এবং চোপড়ায় পরবর্তী প্রশাসনিক বৈঠকের ঘোষণা– এই তিন বিষয়কে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Post Comment