স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?
কলকাতা: নতুন সিনেমায় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar), আসছে ‘141 Church Street’। এই সিনেমার মুখ্যভূমিকায় দেখা যাবে মধুমিতাকে। তাঁর চরিত্রের নাম, আরাত্রিকা। এই আরাত্রিকাই, ‘141 Church Street’- এর মালকিন। এই আরাত্রিকা অত্যন্ত রাগী, একগুঁয়ে এবং মানসিকভাবে অস্থির একজন মানুষ। তাঁর ভিতরে বহু বছর ধরে বাসা বেঁধে রয়েছে, এক গভীর মানসিক সমস্যা। তাঁর আচরণ ক্রমশ অস্বাভাবিক এবং ভয়ের হয়ে উঠতে থাকে। এই আরাত্রিকার বাড়িতেই, তাঁদের মেয়ের দেখাশোনা করতে আসে, তানিয়া। আরাত্রিকার মেয়ের দেখাশোনা করতে এলেও, আরাত্রিকার স্বামীর সঙ্গে একটি সহজ আর আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তানিয়ার। তবে তানিয়া বুঝতে পারে, এই বাড়িতে এমন কিছু একটা রয়েছে, যা স্বাভাবিক নয়।
তবে সেই সম্পর্কটাকেই সহ্য করতে পারে না আরাত্রিকা। সন্দেহ, হিংসা এবং মানসিক অস্থিরতায় আক্রান্ত হয়ে সে ধীরে ধীরে তানিয়ার উপর মানসিক অত্যাচার শুরু করে। ছোট ছোট অপমান থেকে শুরু করে ভয়ঙ্কর মানসিক নির্যাতন – সবকিছুই ক্রমশ আরও অন্ধকার হয়ে উঠতে থাকে। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে বহুদিনের চাপা সত্য। কেন আরাত্রিকা এমন আচরণ করে, তার অতীতের কোন ভয়াবহ ঘটনা তাকে এই অবস্থায় নিয়ে এসেছে, এবং 141 Church Street-এর দেয়ালের আড়ালে ঠিক কী লুকিয়ে আছে—সেই রহস্যই প্রকাশ্যে আসবে ছবি জুড়ে।
ছবির নতুন চরিত্র নিয়ে কী বলছেন মধুমিতা?
ছবিতে আরাত্রিকার চরিত্র নিয়ে মধুমিতা বলেন, ‘চরিত্রটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় এবং একদম অন্যরকম লেগেছিল। আরাত্রিকা চরিত্রটার মধ্যে অনেকগুলো গ্রে শেড রয়েছে, যেটা সাধারণত খুব কম দেখা যায়। সে পুরোপুরি ভালও নয়, আবার পুরোপুরি খারাপও নয়। একজন মা হিসেবে তার একটা আলাদা দিক আছে, আবার একজন মানসিকভাবে ভেঙে পড়া মানুষের দিকও আছে। ছবিটার গল্পটাও, একদম সাধারণ কোনও থ্রিলারের মতো নয়। আমরা যেরকম সোজাসাপ্টা গল্প দেখতে অভ্যস্ত, এটা সেরকম নয়। গল্পে অনেক টুইস্ট এবং টার্ন রয়েছে, যেগুলো ধীরে ধীরে চরিত্রগুলোর ভিতরের অন্ধকার আর সত্যিটাকে সামনে নিয়ে আসে। আরাত্রিকা অনেক বছর ধরে তার স্বামীর দ্বারা মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত। সেই ট্রমা, তার মানসিক অসুস্থতা এবং ভিতরের চাপা যন্ত্রণা তাকে ধীরে ধীরে অন্যরকম একজন মানুষে পরিণত করেছে। কিন্তু বাইরে থেকে মানুষ তাকে শুধু ‘অস্বাভাবিক’ হিসেবেই দেখে। পরে গল্প যত এগোয়, আমরা তার সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানতে পারি। এই জটিলতা, এই গ্রে শেডস, আর চরিত্রটার ভিতরের ভাঙাচোরা অথচ শক্তিশালী দিকগুলোই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।’
আরও পড়ুন: Nusraat Faria: গান গেয়েছেন, নাচ করে আসরও জমিয়েছেন নুসরত ফারিয়া! ঈদে বিশেষ চমক অভিনেত্রীর



Post Comment