Agriculture News: পটল-ঝিঙের মাচায় ঝুলছে থোকা থোকা আঙুর! চেনা চাষের বাইরে দেগঙ্গায় কীভাবে মিলছে আয়ের নয়া দিশা? জানুন
Last Updated:
North 24 Parganas Agriculture News: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বুড়িরহাট গ্রামের মাটিতে এবার ফলল মিষ্টি আঙুর। প্রথাগত চাষের বাইরে গিয়ে প্রায় ১০ কাঠা জমিতে আধুনিক পদ্ধতিতে আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ২৬ বছর বয়সী তরুণ কৃষক জাকির হোসেন। শুধু ফলনই নয়, আঙুর গাছের কলম চারা তৈরি করেও এখন তিনি দারুণ লাভের মুখ দেখছেন।
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কৃষিজমিতে ভরপুর মিষ্টি আঙুর চাষ, দেগঙ্গার ২৬ বছরের যুবকের নজিরবিহীন সাফল্য। কৃষিজমিতে মাচা করে পটল, উচ্ছে, কাঁকরোল, কুঁদরি কিংবা ঝিঙে চাষের দৃশ্য গ্রামবাংলায় পরিচিত। তবে সেই একই মাচায় এবার ঝুলছে থোকা থোকা মিষ্টি আঙুর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বুড়িরহাট গ্রামে কৃষিজমিতে আঙুর চাষ করে চমক সৃষ্টি করেছেন যুবক কৃষক জাকির হোসেন। সমভূমির মাটিতে এভাবে বাণিজ্যিকভাবে আঙুর চাষ এই এলাকায় কার্যত বিরল বলেই মনে করছেন স্থানীয়রা।
জাকির হোসেনের কৃষিজমিতে গিয়ে দেখা যায়, সারি সারি মাচায় লতিয়ে উঠেছে আঙুর গাছ। প্রতিটি গাছে ঝুলছে থোকায় থোকায় সবুজ আঙুর। প্রায় ১০ কাঠা জমিতে কয়েক শত আঙুর গাছ লাগিয়ে সফলভাবে ফলন ফলিয়েছেন তিনি। কৃষিজমিতে এমন ভরপুর আঙুর চাষ এখন স্থানীয় মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় আগে কখনও এভাবে আঙুরের বাণিজ্যিক চাষ চোখে পড়েনি। জাকিরের সাফল্য দেখে আশপাশের বহু কৃষকও এখন আঙুর চাষে আগ্রহ দেখাতে শুরু করেছেন। গাছের শাখা-প্রশাখা জুড়ে ফলনের পরিমাণও যথেষ্ট ভাল হয়েছে বলে জানা গিয়েছে।
North Twenty Four Parganas,West Bengal



Post Comment