Nadia News: নিজেদের জীবনের পরোয়া নেই! পিপিই কিট করে জনসেবায় মত্ত, করোনাকালের যোদ্ধাদের নিয়ে তৈরি হল বিশেষ তথ্যচিত্র
Last Updated:
Nadia News: করোনা পরিস্থিতিতে গোটা দেশ যখন লকডাউনে, তখন পিপিই কিট পরে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নেমে পড়েছিলেন একদল যুবক। এবার এক তথ্যচিত্রে ফুটে উঠল তাঁদের সেই রক্ত জল করা লড়াই।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ ভয়াবহ করোনা পরিস্থিতিতে যখন গোটা দেশ লকডাউনের বেড়াজালে রুদ্ধ ছিল, মৃত্যুভয়ে কুঁকড়ে গিয়েছিল গোটা সমাজ, ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভূত হয়েছিলেন একদল যুবক। এই যুব সদস্যদের লড়াইয়ের সেই উত্তাল দিনগুলিকেই এবার সেলুলয়েডে বন্দি করলেন গণনাট্য সংঘের শিল্পীরা। তাঁদের তৈরি তথ্যচিত্র ‘মনে পড়ে সেদিনের কথা’ যেন সেই রক্ত জল করা লড়াইয়ের এক জীবন্ত দলিল।
সেদিন সংক্রমণের ভয়ে যখন অসুস্থ রোগীদের কাছে আত্মীয়-স্বজনরাও পৌঁছতে সাহস পেত না, কোয়ারেন্টাইন সেন্টারগুলীতে যখন রোগী ও পরিযায়ী শ্রমিকদের চরম দুর্দশা, ঠিক তখনই শান্তিপুরের অলিগলিতে পিপিই কিট পরে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছেন এই ভলেন্টিয়াররা। একদিকে তাঁরা যেমন অসুস্থ মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার, খাবার, ওষুধ ও জল; তেমনই নিরলসভাবে এলাকা স্যানিটাইজেশন করার কাজও করেছেন। এমনকি কোনও ব্যক্তির মৃত্যু হলে সংক্রমণের আতঙ্কে যখন পুরসভা বা পড়শীরাও মুখ ফিরিয়ে নিয়েছে, তখন এই যুবকেরাই কাঁধ দিয়েছেন মৃতদেহে।
এই লড়াইয়ে ভলেন্টিয়ারদের পাশাপাশি ছিল গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা, যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কমিউনিটি কিচেনের রান্নার দায়িত্ব সামলেছেন। দুই চিকিৎসকও এই কঠিন সময়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এদিন শান্তিপুর শাখার প্রতিষ্ঠা দিবসে সেই সমস্ত দিনগুলির কথা গণনাট্য সংঘের এই বিশেষ তথ্যচিত্রে নতুন করে উঠে এল।
মানব ইতিহাসের অন্যতম কষ্টের দিনগুলিতে যারা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে মানুষের পাশে ছিলেন, তাঁদের সেই সংগ্রামকেই কুর্নিশ জানাচ্ছে শান্তিপুর। স্বভাবতই নিজেদের কর্মকাণ্ড এভাবে পুনরায় মানুষের কাছে তুলে ধরাতে ধন্যবাদ জানাচ্ছেন সেই সমস্ত যুবক-যুবতীরাও।
Nadia,West Bengal
Nadia News: নিজেদের জীবনের পরোয়া নেই! পিপিই কিট করে জনসেবায় মত্ত, করোনাকালের যোদ্ধাদের নিয়ে তৈরি হল বিশেষ তথ্যচিত্র



Post Comment