WB Assembly Election Result 2026: ‘যাঁরা আমাকে ভোট দেননি তাঁদেরও…’, এগরা থেকে নির্বাচনে জিতে কী বললেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী…জানুন
Last Updated:
WB Assembly Election Result 2026 : অধিকারী পরিবারের শক্তি প্রদর্শন! নন্দীগ্রাম-এগরা দখল বিজেপির
এগরা, মদন মাইতি: এগরা বিধানসভায় জয়ী অধিকারী পরিবারের দিব্যেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের তরুণ মাইতিকে ২৫ হাজার ৬৯২ ভোটে হারিয়ে জয়ী দিব্যেন্দু। পূর্ব মেদিনীপুর জেলা রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। একদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তৃণমূলের পবিত্র করকে হারিয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে ভবানীপুরেও তীব্র রাজনৈতিক লড়াই দিয়েছে কাঁথির শুভেন্দু। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে শুভেন্দুর ভাই দিব্যেন্দুর এগরা বিধানসভায় নজর ছিল রাজ্য রাজনীতির।
শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকেই এগরা বিধানসভায় প্রার্থী করেছিল বিজেপি। ৪ মে ফল ঘোষণার পর দেখা যায় এগরা বিধানসভায় জয়লাভ করেছেন দিব্যেন্দু অধিকারী। কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এগরার গণদেবতার কাছে আমি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “যাঁরা আমাকে ভোট দেননি তাঁদেরও সুস্থতা কামনা করি।” পাশাপাশি তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে সংযত থাকার বার্তা দিয়ে বলেন বলেন, “কোনও রকম সংঘর্ষে জড়াবেন না।” রাজনৈতিক উত্তেজনার মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা অধিকারী পরিবারের দিব্যেন্দুর। কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, পরে সাংসদ। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। ২০১৬ সালে শুভেন্দু অধিকারী সাংসদ পদ ছেড়ে রাজ্যের মন্ত্রী হলে তাঁর আসনে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে দিব্যেন্দুকেই প্রার্থী করে তৃণমূল। জয়ী হয়ে তিনি লোকসভায় যান। পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে তিনিও গেরুয়া শিবিরে নাম লেখান। নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয় তাঁর জীবনে। ২০২৬ সালের নির্বাচনে পদ্ম প্রতীকে লড়ে আবারও এগরা বিধানসভা থেকে জয়ী হলেন দিব্যেন্দু অধিকারী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 04, 2026 10:48 PM IST



Post Comment