জয়ের পরেই খোঁচা, ট্রেন্ড অব্যাহত রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গুজরাত টাইটান্স অধিনায়ক গিলের
আমদাবাদ: দীর্ঘ সময় আইপিএলের (IPL 2026) একমাত্র দল হিসাবে অপরাজিত ছিল পঞ্জাব কিংস। তবে রাজস্থান রয়্যালস প্রথম দল হিসাবে পঞ্জাব কিংসকে হারিয়েছিল। ঠিক পরের ম্যাচেও পরাজিত হল পঞ্জাব কিংস। রবিবার পঞ্জাবের ঘরের ছেলে শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন গুজরাত টাইটান্সের হাতে পরাজিত হয় পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজ়ি। তারপরেই গিল নিজের স্বভাবচিত ভঙ্গিমায় ট্রোলিং অব্যাহত রাখলেন।
সাম্প্রতিক সময়ে শুভমন গিল সোশ্যাল মিডিয়ায় দলের জয়ের পরেই ইঙ্গিতবাহী বিশেষ পোস্ট করে বেশ জনপ্রিয় হয়েছেন। এবার পঞ্জাব কিংসকে হারিয়েই তাঁদেরও খোঁচা দিলেন শুভমন গিল। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে সোশ্যাল মিডিয়ায় ওয়াশিংটন সুন্দর ও সাই সুদর্শনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন টাইটান্স অধিনায়ক। তিনি এমন একটি পোজ দেন যা পঞ্জাব কিংসের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। পাশাপাশি ছবির ক্যাপশনেও ছিল পঞ্জাব কিংসকে খোঁচা।
সিএসকেকে হারানোর পর তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। সেখানে বিমানে বসে গিলের হাতে রয়েছে হলুদ রঙের বাঁশি। আর ছবির ক্যাপশনে লেখা, ‘নান্দ্রি চেন্নাই’, অর্থাৎ ধন্যবাদ চেন্নাই। সিএসকের অ্যান্থম উইসেল পডু-র চিহ্নই হচ্ছে হলুদ রঙের বাঁশি। সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁশি তাঁদের উচ্ছ্বাস, তাঁদের দলেরও অঙ্গ হয়ে উঠেছে। ম্যাচ জিতে সেই হলুদ বাঁশি নিয়েই সিএসকেকে ট্রোল করেছিলেন গিল। হাজার হাজার সিএসকে সমর্থক এই হলুদ রঙের বাঁশি নিয়েই ম্য়াচ দেখতে মাঠে উপস্থিত হন। সেই হলুদ বাঁশিকেই খোঁচা দেওয়ার জন্য় বেছে নিয়েছিলেন তিনি।
আরসিবিকে হারিয়েও খোঁচা দিয়েছিলেন গিল। সোশ্যাল মিডিয়ায় আরসিবির ‘প্লে বোল্ড’ ধার করে লিখেছিলেন, ‘প্লে হোল্ড। আজকে দলের সকলে বেশ বোল্ডই খেলেছেন।’ এবার টাইটান্সের অধিনায়ক পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতেও সেই খোঁচা দেওয়ার পালা অব্যাহত রাখলেন। ম্যাচের কথা বলতে গেলে এদিন শেষ বল পর্যন্ত বেশ টানটান লড়াই চলে। প্রথম ইনিংসে মাত্র ১৬৩ রানে আটকে যাওয়ার পরেও, পঞ্জাব কিংস কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে। কবে ওয়াশিংটন সুন্দরের পরিপক্ক ও ঠান্ডা মাথার ইনিংসে এক বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয় টাইটান্স।



Post Comment