অসুস্থ শরীরেও মুম্বই ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে কাম্বলি
মুম্বই: আইপিএলে (IPL 2026) মুম্বইয়ের ম্য়াচ দেখতে এসেছিলেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)। তাঁকে দেখে চমকে যান দর্শকরা। যেই মাঠে তিনি একটা সময়ে রাজত্ব করতেন, সেই মাঠেই শীর্ণকায় চেহারার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি স্টেডিয়ামে আসা ক্রীড়াপ্রেমী মানুষ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ এপ্রিল নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্য়াচেই কাম্বলি এসেছিলেন।
কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও বিনোদ কাম্বলি সুস্থ হয়ে উঠছেন। কিছুদিন হাসপাতালে ভর্তি থাকলেও সবকিছু ঝড় সামলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কাম্বলি। গতকাল সাদা চেক শার্ট, বাদামি ট্রাউজার ও স্পোর্টস জুতো পরে মাঠে আসেন ৫৪ বছরের এই প্রাক্তন ক্রিকেটার। একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দু’জনের সাহায্য নিয়ে স্টেডিয়ামে ঢুকছেন প্রাক্তন এই ক্রিকেটার। শরীর সায় না দিলেও মুখে হাসি লেগে ছিল সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধুর। তাঁকে দেখে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। কাম্বলিকেও দেখা যায় হাত নেড়ে তাঁদের অভিবাদন গ্রহণ করতে। কাম্বলি শুধু হেঁটে চলে যাননি। তিনি থামেন, চোখে চোখ রাখেন ও একটি দৃঢ় থাম্বস আপ ও ধন্যবাদ জানান।
Vinod Kambli came to Wankhede Stadium today to watch the Mumbai Indians match. There was a time when he was considered an even better batsman than Sachin Tendulkar, but some bad habits ruined his career. Seeing him like this today doesn’t feel good, but it was nice to see that he… pic.twitter.com/AJOMh1FTX3
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 29, 2026
ধূমকেতুর মত উত্থাণ হয়েছিল বিনোদ কাম্বলির ভারতীয় ক্রিকেটে। একটা সময় ছিল যখন তাঁকে সচিন তেন্ডুলকরের মতোই প্রতিভাবান মনে করা হতো। দু’জনেই দ্রোণাচার্য কোচ রমাকান্ত আচরেকরের শিষ্য। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও বেসামাল জীবন কাম্বলিকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দিয়েছে। বেহিসেবি, উশৃঙ্খল জীবনযাপন, মাদকাসক্তির কারণে গুরুতর অসুস্থ কাম্বলি দীর্ঘদিন ধরেই। যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখনই কাম্বলির বন্ধু মার্কাস কুটো জানিয়েছেন, যে কোনও মুহূর্তে তাঁর ব্রেনস্ট্রোক হতে পারে, আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। মার্কাস আরও জানান যে, কাম্বলির চিকিৎসার জন্য তাঁর বন্ধু সচিন তেন্ডুলকর সহ অনেক প্রাক্তন খেলোয়াড় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।



Post Comment